জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের? পাক সাংবাদিকের দাবিতে শোরগোল, ২০ লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি PTI-এর - 24 Ghanta Bangla News
Home

জেলেই মৃত্যু হয়েছে ইমরান খানের? পাক সাংবাদিকের দাবিতে শোরগোল, ২০ লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি PTI-এর

Spread the love

ফের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর জল্পনায় সরগরম পাকিস্তান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সৈয়দ খান দাবি করেছিলেন, পাক সেনার সদর দপ্তর GHQ-তে কর্মরত তিন সিনিয়র আধিকারিকের দাবি, জেলেই হয়তো মৃত্যু হয়েছে ইমরানের। তবে সাংবাদিক নিজেই স্পষ্ট করেছেন, এটি নিশ্চিত খবর নয়।

তবে গুজবের মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে অন্য একটি তথ্যে। মঙ্গলবার, ইমরান খানের পরিবার এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সহকর্মীরা অভিযোগ করেছেন যে, ফের ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) নেতা তথা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, ইমরানকে দেখতে না দেওয়া হলে ২০ লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নামতে প্রস্তুত। PTI ইতিমধ্যেই ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে লং মার্চের ডাক দিয়েছে।

‘তিন সেনা আধিকারিক মনে করছেন ইমরান আর নেই’

১০ অগস্ট নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিক ওয়াজাহাত সৈয়দ খান এই দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাওয়ালপিন্ডির GHQ-তে কর্মরত তিন সিনিয়র সামরিক আধিকারিক পৃথক ভাবে এই আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইমরান খান হয়তো আর বেঁচে নেই।

তবে ওই সাংবাদিক নিজেই জানান, ওই আধিকারিকরা ইমরানের মৃত্যুর কোনও ঘটনা নিজের চোখে দেখেননি। তাঁদের বক্তব্য ছিল, মূলত তাঁরা যে তথ্য শুনেছেন এবং সেনা সদর দপ্তরের ভিতরে যে আশঙ্কা তৈরি হয়েছে, তার ভিত্তিতেই এই দাবি।

কেন ফের ছড়াল মৃত্যুর গুজব?

বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর পরিবার ও দলীয় নেতৃত্বের যোগাযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত চিকিৎসকেও দেখা করতে বাধা দেওয়া হচ্ছে।

ইমরানের বোনেরাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলটির পক্ষ থেকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাধীন চিকিৎসক দলকে অনুমতি দেওয়ার দাবিও উঠেছে। এই যোগাযোগের অভাবই প্রাক্তন ক্রিকেট অধিনায়কের মৃত্যুর গুজবকে আরও জোরালো করেছে বলে মনে করা হচ্ছে।

গত বছরও উঠেছিল একই গুজব

ইমরান খানকে ঘিরে এমন গুজব এই প্রথম নয়। ২০২৫ সালের নভেম্বরেও জেলে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময়েও পরিবারের সদস্য এবং দলীয় নেতারা তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়া হয়নি পরিবারকে।

পরে ২ ডিসেম্বর তাঁর বোন উজমা খানুম আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে সক্ষম হন। সাক্ষাতের পর তিনি জানিয়েছিলেন, ইমরান শারীরিক ভাবে সুস্থ ছিলেন, যদিও তাঁকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন। এ বারও তাই পরিবার ও দলের কাছে ইমরানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‘২০ লক্ষ মানুষ রাস্তায় নামবে’

ইমরানের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতিকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে PTI। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী তথা PTI নেতা সোহেল আফ্রিদি জানিয়েছেন, তাঁদের কাছে ২০ লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নামার জন্য প্রস্তুত। তাঁর দাবি, পাকিস্তানের তরুণদের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

আফ্রিদি আরও জানিয়েছেন, ইমরানের পরিবারের সদস্য, PTI সাংসদ এবং চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়া হলে প্রথমে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ হবে। এর পরে আন্দোলন পৌঁছবে আদিয়ালা জেলের সামনে। তার পরে দেশজুড়ে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হবে।

প্রশাসনের জবাব

​গুজব ছড়িয়ে পড়ার পরে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে অবশ্য এই সব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছেন। তাঁর স্বাস্থ্যও স্থিতিশীল এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। তবে কোনও প্রত্যক্ষ প্রমাণ বা সাম্প্রতিক ছবি সামনে না আনায় ক্ষোভ কমছে না ইমরান সমর্থকদের, যার ফলে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান আসিম মুনিরের ওপর প্রশাসনিক চাপ ক্রমশ বাড়ছে।

কেন জেলে ইমরান খান?

২০২৩ সালের অগস্ট থেকে জেলে বন্দি ইমরান খান । বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিকেও একই মামলায় ২০২৫ সালের জানুয়ারিতে সাত বছরের সাজা দেওয়া হয়েছিল। দু’জনই তাঁদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করছেন।

এ ছাড়াও ২০২৩ সালের ৯ মে PTI সমর্থকদের বিক্ষোভের সময় সেনা স্থাপনায় হামলার ঘটনায় ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর দল বরাবরই দাবি করে এসেছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *