Mohan Bhagwat: ফের জেন-Z'র মুখোমুখি হচ্ছেন মোহন ভাগবত, এবার নাগপুরে | RSS Chief Mohan Bhagwat to Interact with Gen Z in Nagpur on Independence Day - 24 Ghanta Bangla News
Home

Mohan Bhagwat: ফের জেন-Z’র মুখোমুখি হচ্ছেন মোহন ভাগবত, এবার নাগপুরে | RSS Chief Mohan Bhagwat to Interact with Gen Z in Nagpur on Independence Day

Spread the love

নাগপুর: তাঁরাই দেশের আগামী দিনের চালিকাশক্তি। সেই জেন-Z’র সঙ্গে ফের আলোচনায় বসতে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-র প্রধান মোহন ভাগবত। স্বাধীনতা দিবসে পড়ুয়া ও তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নাগপুরে একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে Gen-Z-র সঙ্গে মতবিনিময় করেছিলেন RSS প্রধান। তার কয়েকদিন পরেই নাগপুরে এই অনুষ্ঠান হতে চলেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি হবে কস্তুরচাঁদ পার্কে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অগস্ট সকাল সাড়ে ৯টায় কস্তুরচাঁদ পার্কে জাতীয় পতাকা উত্তোলন করবেন মোহন ভাগবত। ওই পার্কেই গত মার্চ মাসে ২০০ ফুট উচ্চতার জাতীয় পতাকার উদ্বোধন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর ওই বিশেষ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করবেন ভাগবত। অনুষ্ঠানের বিষয়, ‘ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যুবসমাজের অবদান’। ওই বেসরকারি সংস্থা এবং নাগপুর পৌরনিগম যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে, মেয়র নীতা ঠাকরে, পুর কমিশনার বিপিন ইতানকর-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আয়োজকদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মুম্বইয়ে Gen-Z-র সঙ্গে মোহন ভাগবতের মতবিনিময় দেশজুড়ে এবং আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট সাড়া ফেলেছে। এবার RSS-এর সদর দফতর যে শহরে অবস্থিত, সেই নাগপুরে তরুণ প্রজন্মের সঙ্গে ভাগবতের এই মতবিনিময় নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, মুম্বইয়ে জেন-জি’র প্রশংসা করে ভাগবত বলেছিলেন, জেন-জি’র দাবি শুনতে হবে।

এদিকে, আগামী ২৯ অগস্ট নিউইয়র্কে বিপুল সংখ্যক হিন্দু আমেরিকানের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। আমেরিকায় তাঁর এই উপস্থিতিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ নামে ওই অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন প্রান্তের হিন্দু সাংস্কৃতিক, আধ্যাত্মিক, সমাজসেবা এবং সম্প্রদায়ভিত্তিক সংগঠনগুলি অংশ নেবে। রাখিবন্ধন উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ঐক্য, নাগরিক দায়িত্ব, সামাজিক সম্প্রীতি এবং বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মতো বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *