Khichuri Recipe: বৃষ্টিভেজা দিনে পাতে উঠুক 'এঁচোড়ের খিচুড়ি', সহজ উপায়ে বানিয়ে নিন | Echorer khichuri recipe in Bengali - 24 Ghanta Bangla News
Home

Khichuri Recipe: বৃষ্টিভেজা দিনে পাতে উঠুক ‘এঁচোড়ের খিচুড়ি’, সহজ উপায়ে বানিয়ে নিন | Echorer khichuri recipe in Bengali

Spread the love

বর্ষার মেঘলা আকাশ কিংবা ছুটির আলসে দুপুরে পাত পেড়ে ধোঁয়া ওঠা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তবে  চাল-ডালের খিচুড়িতে একটু বৈচিত্র্য আনতে যুক্ত করতে পারেন ‘গাছ পাঁঠা’ অর্থাৎ এঁচোড়। আমিষ বা নিরামিষ—যেকোনো পদের স্বাদকে টেক্কা দিতে পারে এই বিশেষ ‘এঁচোড়ের খিচুড়ি’। ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন রেস্তোরাঁ স্বাদের এই পদ, রইল তার সহজ রেসিপি।

যা যা লাগবে–

গোবিন্দভোগ চাল: ২৫০ গ্রাম

সোনা মুগ ডাল: ২৫০ গ্রাম

এঁচোড়: ৩০০ গ্রাম (ডুমো ডুমো করে কাটা)

আলু: ২টি (মাঝারি মাপে কাটা)

আদা বাটা: ১ টেবিল চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ৪-৫টি (মাঝখান থেকে চেরা)

গোটা ফোড়ন: গোটা জিরে (১/২ চা চামচ), তেজপাতা (২টি), শুকনো লঙ্কা (২টি), গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ ও দারচিনি)

ঘি: ২ টেবিল চামচ

সরষের তেল: পরিমাণমতো

নুন ও চিনি: স্বাদ অনুযায়ী

এভাবে রান্না করুন—

প্রথমে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে ভাপিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সরিয়ে রাখুন। শুকনো কড়াইতে সোনা মুগ ডাল হালকা লালচে ও সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে ধুয়ে নিন। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে ভাপানো এঁচোড় ও আলুর টুকরোগুলো সামান্য নুন-হলুদ ছড়িয়ে লালচে করে ভেজে তুলে নিন।
ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলু, এঁচোড়, ভাজা ডাল এবং ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট হালকা হাতে নেড়ে নিন। অন্য একটি পাত্রে পরিমাণমতো জল ফুটিয়ে নিন। এবার চাল-ডাল ও এঁচোড়ের মিশ্রণটি গরম জলে ঢেলে দিন। সঙ্গে স্বাদমতো নুন ও চেরা কাঁচা লঙ্কা যোগ করে ঢেকে দিন। চাল ও ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ফুটতে দিন। চাল-ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে মাখামাখা হয়ে এলে স্বাদ অনুযায়ী সামান্য চিনি মিশিয়ে দিন। সবশেষে ওপর থেকে দুই চামচ গাওয়া ঘি ও সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

গরম গরম এঁচোড়ের খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আলুর চপ বা একটু আম তেল পরিবেশন করলেই তৈরি বৃষ্টিদিনের নিখুঁত ভূরিভোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *