HSRP ছাড়া নতুন গাড়ি বিক্রি? ডিলারদের বিরুদ্ধে এবার বড় ব্যবস্থা | West Bengal Cracks Down on Vehicle Dealers Delivering New Cars Without HSRP Number Plates
HSRP নম্বর প্লেট ছাড়া নতুন গাড়ি বিক্রি করলেই ব্যবস্থা
কলকাতা: শোরুম থেকে নতুন গাড়ি, মোটরবাইক কিনছেন। কিন্তু, হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) ছাড়াই নতুন গাড়ি ক্রেতার হাতে তুলে দিচ্ছেন ডিলার। এই নিয়ে এবার ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। এছাড়া যে চত্বর ট্রেড সার্টিফিকেট (Trade Certificate)-র আওতায় নেই, সেখান থেকে ব্যবসা চালালেও ব্যবস্থা নেওয়া হবে। এক নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলাশাসককে বিষয়টি নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহণ দফতরের নজরে এসেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় অনুমোদনহীন আউটলেটের মাধ্যমে বিপুল সংখ্যক দু’চাকা ও চারচাকা গাড়ি HSRP না লাগিয়েই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই প্রবণতা রুখতেই জেলাস্তরে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮-এর ৪১(৬) ধারা এবং সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলস, ১৯৮৯-র রুল ৫০ অনুযায়ী নির্ধারিত রেজিস্ট্রেশন মার্ক ছাড়া নতুন গাড়ি ডেলিভারি দেওয়া যাবে না। রাজ্য পরিবহণ দফতরের পূর্ববর্তী নির্দেশেও নতুন গাড়ি ডেলিভারির আগে HSRP লাগানো বাধ্যতামূলক করা হয়েছিল।
কী কী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে-
ডিলারদের শোরুমে অভিযান-
ডিলারদের শোরুমে অভিযান চালিয়ে স্টক রেজিস্টার, বিক্রি হওয়া গাড়ি, HSRP লাগানো গাড়ি এবং অবিক্রিত গাড়ির তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে। এর মাধ্যমে HSRP ছাড়া কোনও গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে কি না, তা চিহ্নিত করা হবে।
জরিমানা ও শোকজ-
HSRP বা নির্ধারিত রেজিস্ট্রেশন মার্ক ছাড়া গাড়ি ডেলিভারি দেওয়ার ঘটনা ধরা পড়লে প্রচলিত কমপাউন্ডিং ফি নোটিফিকেশন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিলারদের শোকজ করার পাশাপাশি সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলস, ১৯৮৯ অনুযায়ী পদক্ষেপ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেআইনি চত্বরে থাকা গাড়ি বাজেয়াপ্ত-
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশগুলির মধ্যে রয়েছে—অনুমোদনহীন প্রিমিসেসে রাখা গাড়ি বাজেয়াপ্ত করতে হবে। পাশাপাশি বৈধ ট্রেড সার্টিফিকেট ছাড়া পরিচালিত শোরুমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। যে চত্বর ট্রেড সার্টিফিকেটের আওতায় নেই, সেখান থেকে ব্যবসা চালালেও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশকে সহায়তার নির্দেশ-
অভিযান সফল করতে রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সমস্ত রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারকে তাঁদের এলাকায় কোনও অননুমোদিত ডিলার বা সাব-ডিলার কাজ করছে না—এই মর্মে শংসাপত্র জমা দিতে বলা হয়েছে। সবমিলিয়ে HSRP ছাড়া নতুন গাড়ি ডেলিভারি এবং বৈধ অনুমোদন ছাড়া গাড়ির ব্যবসা—দুই ক্ষেত্রেই এবার রাজ্যজুড়ে কড়া নজরদারি ও অভিযান চালানোর পথে হাঁটছে পরিবহণ দফতর।