হকি বিশ্বকাপ: হরমনদের সামনে ৫১ বছরের ব্যর্থতা কাটানোর হাতছানি
এই সময়: ইতিহাসের দিকে তাকালে একবারই হকি বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৭৫ সালে কুয়ালা লাম পুরে অজিতপাল সিংয়ের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৭১ সালে প্রথমবার হয়েছিল বিশ্বকাপ হকি। সব মিলিয়ে ১৫টি বিশ্বকাপ হয়েছে, কিন্তু ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হকি বিশ্বকাপে সবচেয়ে গৌরবজনক রেকর্ড পাকিস্তানের, তারা চারবার বিশ্বকাপ জিতেছে। তিনবার করে বিশ্বকাপ জিতেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জার্মানি। ভারত ছাড়া একবার বিশ্বকাপ জিতেছে বেলজিয়াম। সেদিক দিয়ে দেখলে এ বার হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের সামনে ৫১ বছরের খরা কাটানোর হাতছানি।
এই প্রথম ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ এক সঙ্গে হচ্ছে। গত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী টিম ইন্ডিয়ার নেতৃত্বে এ বার হরমনপ্রীত সিং, কোচ দক্ষিণ আফ্রিকার ক্রেগ ফুলটন। বিশ্ব ক্রমপর্যায়ে ভারতের স্থান সাত নম্বরে, টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় নেই। সেখানে আছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে ভারতের টিম বিল্ডিং ক্যাম্প হয়েছে সুইৎজারল্যান্ডে, সেখানে মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে ছিলেন প্যাডি আপটন। কোচ ফুলটন বলছেন, ‘আমাদের কেউ চ্যাম্পিয়ন হিসেবে ধরছে না। কিন্তু আমরা নিজেদের মতো প্রস্তুতি নিয়েছি। সামনে বিশ্বকাপ ছাড়াও এশিয়ান গেমসে খেলতে হবে। ছেলেরা টিম বিল্ডিং ক্যাম্প দারুণ ভাবে উপভোগ করেছে।’
শ্রীজেশ পরবর্তী সময়ে এ বার গোলকিপারের দায়িত্বে এইচএস মোহিত ও সুরজ কারকেরা। ডিফেন্সে স্তম্ভ ক্যাপ্টেন হরমনপ্রীত সিংহ, যিনি টিমের প্রধান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। সঙ্গে থাকবেন অভিজ্ঞ অমিত রোহিদাস, যুগরাজ সিং এবং নতুনদের মধ্যে সঞ্জয় এবং যশদীপ সিয়াচ। এই দু’জনই নতুন প্রজন্মের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। মিডফিল্ডে অভিজ্ঞতায় সবার আগে মনপ্রীত সিং, তাঁর পাশে থাকবেন হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদরা। ফরোয়ার্ডে দিলপ্রীত সিং, শিলানন্দ লাকরা, সুখজিৎ সিং, মনদীপ সিং, অভিষেক আছেন।
কোচ ফুলটন বলছেন, ‘আমাদের টিমে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে। এক–একটা ম্যাচ ধরে আমরা এগোব।’ গ্রুপে ভারতকে খেলতে হবে ওয়েলশ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম দুটি টিম যাবে পরে রাউন্ডে। ১৯ তারিখ পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচে সব সময়েই উত্তেজনার উপাদান থাকে। ওদের টিম পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি অবশ্যই একটা দারুণ ম্যাচ আশা করছি।’ গত মাসে প্রো হকি লিগে ভারত বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও অলিম্পিক্স চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে। সে জন্যই বিশ্বকাপে অনেকেই ভালো ফল আশা করছেন। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে সোনাজয়ী টিমের অধিনায়ক ভাস্করণ বলছেন, ‘এ বারের টিম যথেষ্ট ব্যালান্সড। ভালো কিছু আশা করা যেতেই পারে।’

বিশ্বকাপের আগে ভারতের জার্সির রং বদলে আকাশি–নীল থেকে গেরুয়া হওয়া নিয়ে বিতর্ক হলেও হকি ইন্ডিয়ার বক্তব্য, অ্যাস্ট্রো টার্ফের নীল রংয়ের সঙ্গে জার্সির রং যাতে না মিলে যায়, সে জন্যই এই বদল।