প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে সিরাজ ঝড়ে নাটকীয় জয়, জয়সওয়ালের ৬১
এই সময়: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি, নিজেদের ঝালিয়ে নিল টিম ইন্ডিয়া। তিন দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট ইলেভেনকে ৬ উইকেট হারাল ভারত। একেবারে শেষদিকে নেমে ১৫ বলে ৩২ নট আউটের ঝোড়ো ইনিংস খেলে জেতালেন পেসার মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩৬৩ রান তুলে ইনিংস ছেড়ে দিয়েছিল। ভারত ৬ উইকেটে ৩৫৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০০ রানে ইনিংস ছাড়ে শ্রীলঙ্কা। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৪৫ ওভারে ২০৭। ৪ উইকেটে তিন বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিলেন শুবমান গিলরা (২১৪–৪)।
ওপেন করতে নেমে ৪৬ বলে ৬১ রান করে আহত–অবসৃত হয়ে ফিরে যান। আসলে তিনি বাকি ব্যাটারদেরও সুযোগ করে দেন। আর এক ওপেনার শুবমান করেন ৪৪ রান। ২২ রান করে বসে যান রবীন্দ্র জাডেজাও। ঋষভ পন্থ করেন ২৮ রান। তবে জয় এনে দিল সিরাজের ব্যাট। শেষ ওভারে স্পিনার কেশারা নুয়ান্থার বলে পরপর তিনটি ছক্কা মারেন সিরাজ। তবে প্র্যাক্টিস ম্যাচ বলে শেষ তিনটে বলও খেলেন। বোলারদেরও ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়েছিল।
শনিবার ভারতের স্বাধীনতা দিবসের সকালে গলে শুরু হচ্ছে প্রথম টেস্ট। পরের টেস্ট ২৩ অগস্ট কলম্বোয়। এদিকে পায়ের পাতায় চোট পাওয়ায় সাই সুদর্শন টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সরফরাজ় খানকে টিমে নেওয়া হবে, এটা প্রায় প্রত্যাশিতই ছিল। রবিবার সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। টিমের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে প্রশংসা করেন শুবমান গিলের। তিনি বলেছেন, ‘শুবমান দ্বিতীয় ইনিংসে যে ভাবে ব্যাট করল, তার মধ্যে কোনও ভয়ডর ছিল না। আমরা এটাই চাই।’
প্রথম ইনিংসে খেললেও ক্যাপ্টেন লোকেশ রাহুল দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেননি। নামেননি প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পাডিক্কালও। অন্যদের সুযোগ দিয়েছিলেন।