Milk Price Hike: ১১ অগস্ট থেকে দাম বাড়ছে দুধের! কত টাকা দাম পড়বে? | Milk Price set to hike by 2 rs per litre from 11 August in Maharashtra
মুম্বই: মূল্যবৃদ্ধির ছ্যাঁকা লাগল গৃহস্থের রান্নাঘরে। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার দাম বাড়তে চলেছে দুধের। লিটার প্রতি দুধের দাম অন্তত দুই টাকা করে বাড়তে চলেছে। এমনটাই খবর।
আগামী ১১ অগস্ট থেকে দাম বাড়তে চলেছে দুধের। গরুর দুধ ও মোষের দুধ- উভয়েরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়বে। তবে এই দুধের দাম আপাতত বাড়তে চলেছে শুধু মহারাষ্ট্রে। মিল্ক প্রোডিউসার অ্যান্ড প্রসেসরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত কোঅপারেটিভ ও প্রাইভেট ডেয়ারি কোম্পানি।
কেন দুধের দাম বাড়ছে?
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সরবরাহের খরচ বাড়ার কারণেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা করে বেড়েছে। প্যাকেজিংয়ের খরচও ৩০ শতাংশ বেড়েছে। দুধের ক্রয়মূল্যও বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে।
কত টাকা দাম হবে?
গরুর দুধ ও মোষের দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে। এর পাশাপাশি অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বাড়তে পারে। আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ডেয়ারি পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পণ্যের উপরে ভিত্তি করে দাম ভিন্ন ভিন্ন হবে।