দিঘায় ইলিশের জোয়ার, এক ট্রলারেই আড়াই টন! মোহনায় উঠল ৩০ টনের বেশি মাছ - 24 Ghanta Bangla News
Home

দিঘায় ইলিশের জোয়ার, এক ট্রলারেই আড়াই টন! মোহনায় উঠল ৩০ টনের বেশি মাছ

Spread the love

দিঘা, ৯ আগস্ট: বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশের (Hilsa Fish) মরশুম। কিন্তু চলতি মরশুমের শুরুতে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছিল…

দিঘা, ৯ আগস্ট: বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশের (Hilsa Fish) মরশুম। কিন্তু চলতি মরশুমের শুরুতে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছিল না। ভালো ও টাটকা ইলিশের জোগানও ছিল সীমিত। ফলে দাম ছিল অনেকটাই চড়া। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি ফিরতেই দিঘার মোহনায় বিপুল পরিমাণ ইলিশ উঠতে শুরু করেছে।

রবিবার সকালে মাছ ধরে দিঘার মোহনায় ফিরে আসে একটি ট্রলার। মৎস্যজীবীদের দাবি, ওই ট্রলারে প্রায় আড়াই টন ইলিশ রয়েছে। ছোট, মাঝারি এবং বড়, সব ধরনের ইলিশই ধরা পড়েছে জালে। মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দিঘার মোহনায় ৩০ টনের বেশি ইলিশ উঠেছে।

এদিনের মাছে প্রায় ৪০০ গ্রাম ওজনের ইলিশ যেমন পাওয়া যাচ্ছে, তেমনই ১২০০-১৩০০ গ্রাম ওজনের বড় ইলিশও মিলছে। ফলে মরশুমের শুরুতেই ইলিশের জোগান বাড়ার সম্ভাবনায় স্বস্তি ফিরেছে মৎস্যজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে।

আবহাওয়া বদলাতেই সমুদ্রে বাড়ল ইলিশের জোগান

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরার পরিস্থিতি কিছুটা অনুকূল হয়েছে। এর ফলেই জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ছে।
দিঘার পাইকারি বাজারে বর্তমানে ৩০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি প্রায় ৪০০ টাকা থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, এক কেজির বেশি ওজনের ইলিশের দাম রয়েছে ১৩০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। তবে মাছের আকার, ওজন এবং মানের উপর নির্ভর করে দামে কিছুটা তারতম্য হচ্ছে।

কোন ওজনের ইলিশের কত দাম?

দিঘা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নবকুমার পইড়া জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর প্রথম দিকে সমুদ্রে বিশেষ ইলিশের দেখা মেলেনি। পরে একসময় প্রায় ২৫-৩০ টন ইলিশ উঠেছিল।

কিন্তু এরপর দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুদিন মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেননি। রবিবার দিঘার মোহনায় ফিরে আসা ট্রলারগুলিতে ৩০ টনেরও বেশি ইলিশ উঠেছে বলে দাবি করেন তিনি।

নবকুমার পইড়ার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৩০০-১৩৫০ টাকা। ৬০০, ৭০০ এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম রয়েছে ১২০০-১২৫০ টাকা-র মধ্যে। আবার ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রায় ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

দাম কমার আশায় ইলিশপ্রেমীরা

দিঘার মোহনায় একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ওঠায় খুশি মৎস্যজীবী এবং ব্যবসায়ীরা। তাঁদের আশা, আগামী দিনে আরও বেশি ট্রলার সমুদ্রে মাছ ধরতে গেলে ইলিশের জোগান আরও বাড়বে।

জোগান বাড়লে পাইকারি বাজারে ইলিশের দামও কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আর সেই সম্ভাবনাতেই স্বস্তির অপেক্ষায় রয়েছেন সাধারণ ইলিশপ্রেমীরা।

বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশের চাহিদা বরাবরই বেশি। তাই দিঘার মোহনায় এভাবে বিপুল পরিমাণ মাছ ওঠার খবর বাজারে জোগান বাড়ার ইঙ্গিত দিচ্ছে। আগামী কয়েক দিনে আরও ট্রলার ফিরলে ইলিশের জোগান ও দামের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর মৎস্যজীবী, ব্যবসায়ী এবং ক্রেতাদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *