ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই হাসপাতালগুলিতে ২ মিনিটের নীরবতা পালন… দু’বছর পার হলো আরজি করের নৃশংস সে দিনের
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে আজ দুপুর দেড়টায় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাদের স্লোগান, ‘আর কতদিন সময় চাই? জবাব দাও CBI।’ ফ্রন্টের বক্তব্য, ‘কলকাতা হাইকোর্টের শুনানিতে সিবিআই জানিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে ঘটনার আগের রাতে যারা একসঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদের বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দু’বছর পরেও যদি তদন্তের এমন গুরুত্বপূর্ণ ধাপ শুরু করতে হয়, তা হলে প্রশ্ন উঠবেই— আর কত সময়? প্রতিটি বিলম্ব শুধু একটি মামলার বিলম্ব নয়, এটি একটি পরিবারের অপেক্ষা, একটি সমাজের আস্থা এবং ন্যায়বিচারের প্রতি মানুষের বিশ্বাসকে আরও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করায়। আমরা কোনও বিলম্বের ব্যাখ্যা চাই না। আমরা চাই সত্য সামনে আসুক, দোষীরা আইনের সর্বোচ্চ শাস্তি পাক এবং অভয়ার ন্যায়বিচার আর বিলম্বিত না হোক।’