অস্ত্রোপচার চলাকালীন অসহ্য যন্ত্রণায়ও গলা ছেড়ে রফির গান গাইলেন সোনু, ভাইরাল ভিডিয়ো
সোনু নিগমের জীবনে সঙ্গীত শুধু পেশা নয়, আবেগও। মহম্মদ রফিকে তিনি তাঁর আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে গণ্য করেন। ছোটবেলা থেকেই তিনি মহম্মদ রফির দ্বারা অনুপ্রাণিত। সম্প্রতি, একটি অস্ত্রোপচারের সময়ে, যন্ত্রণার মধ্যেও অপারেশন ঘরে গলা ছেড়া মহম্মদ রফির গান শুনতে দেখা গিয়েছে শিল্পীকে।
রবিবার সোনু নিগম তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে সোনু। অপারেশন চলাকালীনই মাঝেই তাঁকে দেখা গেল গান ধরতে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সোনু ১৯৪৯ সালের মহম্মদ রফির ‘দুলারি’ ছবির ‘সুহানি রাত ঢল চুকি’ গানটি গাইছেন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার অপারেশনের সময়ে প্রিয় ডাক্তার নীলেশ সাতভাই এবং তাঁর টিমের জন্য একটি সুন্দর পরিবেশনা। যন্ত্রণার মাঝেও গান… সঙ্গীতের এটাই আনন্দ।’
এমন অনবদ্য ভিডিয়োয় গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘এই পরিস্থিতিতেও সঙ্গীতের প্রতি তোমার নিষ্ঠা এবং পারফর্ম্যান্স অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ শ্রদ্ধা পণ্ডিতও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোনু নিগমের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন তাঁর অনুরাগীরাও। এক ভক্ত লিখেছেন, ‘সোনু স্যর অসাধারণ, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ কেউ আবার লিখেছেন, ‘আপনার দ্রুত আরোগ্যের জন্য মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি।’ ভক্তেরা সোনুর মনোবলেরও প্রশংসা করেছেন। কারণ, অস্ত্রোপচারের সময়ে তাঁর গান গাওয়ার সিদ্ধান্তটি সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ বলা চলে।
যদিও এই ভিডিয়োয় সোনু নিগম তাঁর অস্ত্রোপচারের কারণ নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি। ফলে, ভক্তেরা তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন। এর আগে গত জুন মাসে সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় তাঁর হেলথ আপডেট দিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে শিল্পী জানিয়েছিলেন, তিনি নার্ভের সমস্যায় ভুগছেন। এমআরআই এবং সিটি স্ক্যান-সহ বেশ কয়েকটি টেস্টও করিয়েছিলেন।