স্কুলে যাওয়ার পথে শুটআউট! ইসলামপুরে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক - 24 Ghanta Bangla News
Home

স্কুলে যাওয়ার পথে শুটআউট! ইসলামপুরে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক

Spread the love

ইসলামপুর: দিনের আলোয় প্রকাশ্যে শুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার সাতসকালে এই গুলি চলার ঘটনাকে কেন্দ্র…

ইসলামপুর: দিনের আলোয় প্রকাশ্যে শুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার সাতসকালে এই গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ইসলামপুরের মাদারিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত। বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজকার রুটিন মেনেই শনিবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন নজরুল। অভিযোগ, মাদারিপুর এলাকায় পৌঁছতেই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুলি লাগার সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই শিক্ষক। গুলির শব্দে আতঙ্কিত হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি খবর দেন ইসলামপুর থানায়।

খবর পেয়ে কালবিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকর্মীরাই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় নজরুলকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। ফলে পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকদের পরামর্শে ওই শিক্ষককে দ্রুত শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই কড়া পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে খবর।

তবে ভরদুপুরে বা রাতে নয়, সাতসকালে এক জন স্কুলশিক্ষকের উপর এমন প্রাণঘাতী হামলার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। ইসলামপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুরোনো কোনও ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পিছনে অন্য কোনও গূঢ় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, তা সমস্ত দিক থেকেই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আততায়ীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

‘জাতির বেঁচে থাকার মৌলিক শর্ত অনুপ্রবেশ রোধ!’ মমতাকে জবাবদিহি করতে হবে বলে বিস্ফোরক শুভেন্দু

বঙ্গে ১৭টি নতুন রেললাইন প্রকল্পের আশা! অর্জুন সিংয়ের পোস্টে চর্চায় রাজ্যের রেল যোগাযোগ

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *