মিনারকে পরে ফের নেওয়া হবে পুলিশ হেফাজতে?
এই সময়, সিউড়ি: চাইলে এখনই মিনার মণ্ডলকে আরও সাত দিন নিজেদের হেফাজতে পেতে পারত পুলিশ। কিন্তু, ভবিষ্যতের কথা ভেবে সেই সাত দিনের হেফাজত জমিয়ে রাখা হলো। আইনজ্ঞদের মতে, পরে মূল অভিযুক্ত বীরভূমের পাথর মাফিয়া মহম্মদ নিজাবুদ্দিন ওরফে টুলু মণ্ডল ধরা পড়লে তখন মিনারকে আবার পুলিশ হেফাজতে নিয়ে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সুযোগ পাওয়া যাবে। সাত দিন পুলিশ হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার টুলুর আত্মীয় মিনারকে সিউড়ি আদালতে তুলে জেল হেফাজত চাওয়া হয়। আদালতও তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে। তবে মিনারকে প্রয়োজনে জেলে গিয়ে জেরা করার অনুমতিও আদালতের কাছ থেকে চেয়ে নিয়েছেন তদন্তকারী অফিসার।