মাস্টার্সে পড়ুয়ার হাহাকার, দু’বছরের কোর্স ঘিরে প্রশ্ন
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সবচেয়ে বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন কমার্সে। ডে–নাইট মিলিয়ে ৬৭০টি আসনে ২৬১ জন। তার পরে ইংরেজি। ১৯৬টি আসনে ১২০ জন ভর্তি হয়েছেন। ফিজিক্স ও কেমিস্ট্রির ৮০টি করে আসনে যথাক্রমে ৩৮ ও ৪১ জন। জার্নালিজ়ম এবং মাস কমিউনিকেশনে ৪৮টি আসনে ২৫ জন। আটর্স ফ্যাকাল্টির সেক্রেটারি পরীক্ষিত মণ্ডল বলেন, ‘চার বছরের মেজর কোর্সের মাঝপথে কলেজে তিন বছরের স্নাতক কোর্সের পরে পড়ুয়ারা যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিলেন, সে জন্যে প্রবেশিকার আয়োজন করা হয়েছিল। কিন্তু ইংরেজি ও জার্নালিজ়ম ছাড়া অন্য বিষয়ে প্রবেশিকার প্রয়োজনই পড়েনি। বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃতে যতজন আবেদন করেছিলেন, তার অর্ধেকেরও কম ভর্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।’ বিজ্ঞান শাখার এক আধিকারিকের কথায়, ‘আমরা ভেবেছিলাম কলেজের তুলনায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও গবেষণার পরিকাঠামো অনেক উন্নত এবং শিক্ষক–শিক্ষিকার বেশি বলে ছাত্রছাত্রীরা দু’বছরের মাস্টার্সে ঝুঁকবেন। কিন্তু কোথায় কী! তিন বছরের স্নাতক কোর্স ছাড়ার প্রবণতা কম। আবার কলেজে চার বছরের স্নাতক কোর্সে ভর্তির আগ্রহও সে ভাবে ছিল না!’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অটোস্পেয়ারিক সায়েন্স, স্পোর্টস সায়েন্স, পালি, পার্সিয়ানের মতো বিষয়ে বস্তুত পড়ুয়াই মেলেনি।