TV9 Bangla: ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ফুটবল টুর্নামেন্টে রানার্স TV9 বাংলা | TV9 Bangla Finishes Runners Up in Calcutta Sports Journalists’ Club Football Tournament
ফাইনালে হারলেও মন জয় করে নিল টিভি৯ বাংলাImage Credit: TV9 Bangla
কলকাতা: খবরের খোঁজে তাঁরা মাঠে ময়দানে দৌড়ে বেড়ান। বুম হাতে পৌঁছে যান সব জায়গায়। খবরের ভেতর খবর খোঁজেন। সব খবর সবার আগে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান। সেই সাংবাদিক, চিত্র সাংবাদিকদের মধ্যে রয়েছে খেলোয়াড় সত্তা। বুম হাতে যতটা সপ্রতিভ, পায়ে বল পড়লেও যে ততটাই আগ্রাসী, সেটাই বোঝালেন টিভি৯ বাংলার সাংবাদিক, চিত্র সাংবাদিকরা। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ফুটবল টুর্নামেন্টে ইলেকট্রনিক বিভাগে রানার্স হল টিভি৯ বাংলা। ফাইনালে হারলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে সবার মন জয় করে নিলেন সাংবাদিক-ফুটবলাররা।
ফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স করে TV9 বাংলা। একের পর এক প্রতিদ্বন্দ্বীকে হারায়। সেমিফাইনালে তারা নিউজের মুখোমুখি হয়েছিল টিভি৯ বাংলা। সেখানে তারা নিউজকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায়। খবর সংগ্রহের সময় চিত্র সাংবাদিকের সঙ্গে সাংবাদিকের যে বোঝাপড়া থাকে, সেটাই যেন দেখা যায় ফুটবল মাঠে। একেকটি পাশ বুঝিয়ে দিচ্ছিল, পারস্পরিক বোঝাপড়া কতটা। নিয়মিত নিজেদের মধ্যে প্র্যাকটিস না করেও বল পৌঁছে যাচ্ছিল ঠিক জায়গায়।
ফাইনালে টিভি৯ বাংলার মুখোমুখি হয়েছিল বিশ্ববাংলা সংবাদ। কার মাথায় উঠবে শিরোপা? টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত অবশ্য বিশ্ববাংলা সংবাদের বিরুদ্ধে জয় অধরা রইল টিভি৯ বাংলার। রানার্স হলেও সবার মনে জয় করে নিল টিভি৯ বাংলা। টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা ও কৃষ্ণেন্দু রায়। তাঁদের উপস্থিতিতে আরও জমজমাট হয়ে ওঠে সাংবাদিকদের এই ফুটবল প্রতিযোগিতা। স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ফুটবল টুর্নামেন্টে প্রিন্ট মিডিয়া বিভাগে এই সময়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাগো বাংলা।