Calcutta High Court: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে সুমিত | Abhishek Banerjee Aide Sumit Roy Moves Calcutta High Court Again, Urgent Hearing Rejected - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে সুমিত | Abhishek Banerjee Aide Sumit Roy Moves Calcutta High Court Again, Urgent Hearing Rejected

Spread the love

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। গতকালই জমি কেলেঙ্কারি মামলায় তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, তারপরেও ফের রক্ষাকবচের আবেদন করে কেন আদালতের দ্বারস্থ হলেন সুমিত? জানা গিয়েছে, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কেন হাইকোর্টের দ্বারস্থ সুমিত?

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুমিত। তবে, শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলায় গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তবে, জানা গিয়েছে, জমি ও চাকরি দুর্নীতি ছাড়া সুমিতের বিরুদ্ধে আরও ৪টি এফআইআর রয়েছে। তাই, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও অস্বস্তিতে সুমিত রায়। গ্রেফতারির আশঙ্কা করছেন। তাই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন সুমিত। রক্ষাকবচের আবেদন করেছেন।

দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু, আর্জি গ্রহণ করলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

সুপ্রিম কোর্টের নির্দেশ

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিলেও, কিছু শর্ত বেঁধে দিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশ, সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। সঙ্গে একজন আইনজীবীকে নিয়ে যেতে পারবেন তিনি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে তদন্তের জন্য ডাকা যাবে। তবে, তাঁকে গ্রেফতার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *