রাজ্য অ্যাথলেটিক সংস্থার নির্বাচন ঘিরে বিতর্ক, নয়া ক্রীড়া আইনেই কি ভোট?
বাবান আদক, কলকাতা: রাজ্য (West Bengal) অ্যাথলেটিক সংস্থার আসন্ন নির্বাচন ঘিরে বঙ্গ ক্রীড়ামহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আগামী ৩০ অগস্টের নির্বাচন কি পুরনো নিয়মেই সম্পন্ন…
বাবান আদক, কলকাতা: রাজ্য (West Bengal) অ্যাথলেটিক সংস্থার আসন্ন নির্বাচন ঘিরে বঙ্গ ক্রীড়ামহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আগামী ৩০ অগস্টের নির্বাচন কি পুরনো নিয়মেই সম্পন্ন হবে, নাকি কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হবে? এই প্রশ্নই এখন ব্যাকফুটে ঠেলে দিয়েছে সংস্থার বর্তমান কর্তাদের।
ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ এবং রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই নয়া কেন্দ্রীয় ক্রীড়াবিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে আগামী ডিসেম্বরে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অথচ সম্পূর্ণ উল্টো পথে হেঁটে রাজ্য অ্যাথলেটিক সংস্থার বর্তমান কর্তারা চলতি মাসেই কেন নির্বাচন সেরে ফেলতে চাইছেন, তা নিয়েই দানা বেঁধেছে তীব্র বিতর্ক।
Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন
ময়দানের অন্দরমহলের খবর, বর্তমান সচিব কমল মৈত্রর বয়স এখন ৭৮ বছর। ফলে নতুন নিয়মের বয়সবিধি অনুযায়ী ইচ্ছে থাকলেও তিনি আর সচিব পদে থাকতে পারছেন না। জানা যাচ্ছে, বর্তমান শাসক গোষ্ঠী তড়িঘড়ি নির্বাচন সেরে প্রাক্তন তারকা অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদারকে সচিব পদে বসানোর ঘুঁটি সাজাচ্ছে। তবে বঙ্গ অ্যাথলেটিক মহলের বড় অংশের দাবি একদম স্পষ্ট, কাউকে মসনদে বসানোর জন্য তড়িঘড়ি ভোট করা চলবে না। নির্বাচন হতে হবে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ মেনেই।
Also Read | ফিফার বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা আটকালেন কারা? আলোচনায় দুই মহিলা প্রশাসক
এই জটিল পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য ক্রীড়া দফতর। কোন নিয়মে ভোট হবে, তা স্থির করতে শনিবার (৮ অগস্ট) বিকেল ৫টায় ক্রীড়া দফতরে এক অতীব জরুরি সভা ডাকা হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার বর্তমান সচিব কমল মৈত্র জানান, “এখনই এই বিষয়ে কিছু বলতে পারব না। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। শনিবার ক্রীড়া দফতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে, তার পরেই পুরো বিষয়টা পরিষ্কার হবে।”
সবমিলিয়ে শনিবারের এই রুদ্ধদ্বার বৈঠকের দিকেই এখন তাকিয়ে ময়দান। সেখান থেকেই নির্ধারিত হবে রাজ্য অ্যাথলেটিক্সের আগামী দিনের ভবিষ্যৎ।