ডিলিমিটেশন বিল নিয়ে ইউ-টার্ন স্ট্যালিনের! কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে সমর্থন DMK-র - 24 Ghanta Bangla News
Home

ডিলিমিটেশন বিল নিয়ে ইউ-টার্ন স্ট্যালিনের! কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে সমর্থন DMK-র

Spread the love


নয়াদিল্লি: লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিল ডিএমকে। কেন্দ্রের সংশোধিত প্রস্তাবকে সমর্থনের কথা ঘোষণা করলেন দলের প্রধান এমকে স্ট্যালিন। তাঁর দাবি, গত এপ্রিল মাসে যে দুটি শর্ত পূরণ না হওয়ায় বিলের বিরোধিতা করেছিল ডিএমকে, নতুন প্রস্তাবে সেই দাবিগুলিই লিখিতভাবে মেনে নেওয়া হয়েছে। ফলে এবার আর বিলের বিরোধিতা করছে না তামিলনাড়ুর শাসকদল।

শনিবার ডিএমকে সাংসদদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্ট্যালিন। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য, ২০২৪ সাল থেকে দল যে আন্দোলন চালিয়েছে, এই সিদ্ধান্ত তারই সাফল্য। শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলির পক্ষেও এটি গুরুত্বপূর্ণ জয় বলে দাবি করেছেন তিনি।

কেন্দ্রের সংশোধিত ফর্মুলা অনুযায়ী, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে প্রতিটি রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সংসদে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত বজায় রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, আসন বাড়লেও জাতীয় সংসদে কোনও রাজ্যের বর্তমান প্রতিনিধিত্বের ভাগ কমবে না।

ডিএমকে-র দীর্ঘদিনের দাবি ছিল, লোকসভায় তামিলনাড়ুর ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব কোনওভাবেই কমানো যাবে না। পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের যে ব্যবস্থা রয়েছে, তা আরও ২৫ বছর বহাল রাখতে হবে। স্ট্যালিনের দাবি, নতুন বিলে এই দুই শর্তই লিখিতভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

দলের আশঙ্কা ছিল, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই যুক্তিতে ডিএমকে আগে দক্ষিণের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পঞ্জাবকে নিয়ে যৌথ মঞ্চ তৈরির উদ্যোগও নিয়েছিল।

তবে ডিএমকে-র এই অবস্থান বদল নিয়ে প্রশ্ন তুলেছে অভিনেতা তথা মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগম (TVK)। তাদের দাবি, তামিলনাড়ুর স্বার্থ রক্ষায় ডিএমকে-কে স্পষ্ট করে জানাতে হবে, তারা সংসদে বিলের পক্ষে ভোট দেবে কি না। ভোট এড়িয়ে যাওয়া বা কক্ষত্যাগকেও বিজেপির কাছে আত্মসমর্পণ বলে কটাক্ষ করেছে TVK।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে ডিলিমিটেশন বিল ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, সংশোধিত প্রস্তাব কার্যকর হলে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়তে পারে। তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে প্রায় ৫৯ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পাকিস্তানের মহাকাশ শক্তি বাড়াচ্ছে চিন, পাশে তুরস্কও? সতর্ক করলেন ভারতের CDS

বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক? ধৃত জইশ সন্দেহভাজনের ফোনে মিলল প্রশিক্ষণের ভিডিয়ো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *