আয়োজনে সবুজসঙ্কেত বিশ্ব সংস্থার, ষষ্ঠ পদক জয়ের লক্ষ্যে নামছেন সিন্ধু
এই সময়: ১৭ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এ বার ভারতে হচ্ছে। ২০০৯ সালে হায়দরাবাদের গাচ্চিবৌলিতে এই চ্যাম্পিয়নশিপ হয়েছিল। আর এ বার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বমিট হবে ১৭ অগস্ট থেকে। চলতি বছরের গোড়ায় এই স্টেডিয়ামে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন হয়েছিল। তখন এখানকার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে বিদেশি শাটলাররা প্রচুর অভিযোগ করেছিলেন। স্টেডিয়ামের ভিতরে পায়রার ওড়াউড়ি তো ছিলই। স্টেডিয়ামের মূল ফটকের সামনে বানরের উৎপাতেও আতঙ্কিত হয়ে গিয়েছিলেন খেলোয়াড়েরা। তাই এখানে বিশ্বমিট আদৌ আর করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
বুধবার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ইভেন্টস ডিরেক্টর সেলভামরেশ সুপ্রামনিয়াম স্টেডিয়াম ও ব্যবস্থা খতিয়ে দেখার পরে টুর্নামেন্ট করার সবুজ সঙ্কেত দিয়েছেন। তিনি বলেছেন, ‘সাত মাসে এখানকার পরিবেশ–পরিকাঠামো একদমই বদলে গিয়েছে। আশা করি, এ বার আর কোনও সমস্যা হবে না।’
এ দিন খেলার লটারিও হয়েছে। মেয়েদের নবম বাছাই পিভি সিন্ধু বিশ্বমিটে তাঁর ষষ্ঠ পদক জয়ের লক্ষ্যে নামবেন। রাউন্ড অফ সিক্সটি–ফোরে সিন্ধুর প্রতিপক্ষ আয়ার্ল্যান্ডের সোফিয়া নোবেল। ছেলেদের লক্ষ্য সেনের প্রথম প্রতিপক্ষ অস্ট্রিয়ার কলিন্স ভ্যালেন্টাইন। এই ম্যাচ জিতলে লক্ষ্যের সামনে কঠিন প্রতিপক্ষ কুনলাভুত ভিতিদসার্ন। পঞ্চম বাছাই সাত্বিক সাইরাজ–চিরাগ শেঠি জুটিকে প্রথম ম্যাচে ওয়াকওভার পাচ্ছেন।