শুটিং চলাকালীন গুরুতর চোট, ‘টর্ন টেন্ডন’-এ ভুগছেন রশ্মিকা, কী এই রোগ?
ব্যস্ত শুটিং শিডিউল। একের পর এক অ্যাকশন এবং নাচের দৃশ্যে দুর্দান্ত পারফর্ম করছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এরই মাঝে ঘটল কাল। ‘মাইসা’ ছবির সেটে শুটিং চলাকালীন ডান নিতম্বে গুরুতর চোট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রশ্মিকাকে। চিকিৎসকরা জানান, ‘হিপ টেন্ডন ডিটাচমেন্ট’-এর সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে চিকিৎসকরা রশ্মিকাকে কমপক্ষে ৬ সপ্তাহ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে অনেকেই হয়তো জানেন না এই হিপ টেন্ডন বিষয়টা ঠিক কী? চোট গুরুতর হলে কী বিপদ ঘটতে পারে? সুস্থ হতেই বা কতদিন সময় লাগে?
টর্ন টেন্ডন বা টেন্ডন ছিঁড়ে যাওয়া বলতে কী বোঝায়?
টেন্ডন হলো দড়ির মতো শক্তিশালী টিস্যু যা পেশিকে হাড়ের সঙ্গে শক্ত করে বেঁধে রাখে। অতিরিক্ত চাপ বা আঘাত লাগলে এটি হাড় থেকে আলাদা হয়ে যায়। ফলে অস্থিসন্ধির নমনীয়তা নষ্ট হয়। শরীর নড়চড়া করতেও সমস্যা হয়।
রশ্মিকা মন্দানার চোট সারতে কতদিন সময় লাগতে পারে?
চিকিৎসকরা তাঁকে কমপক্ষে ৬ সপ্তাহ বিশ্রাম এবং স্ট্রাকচার্ড ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আঘাত মারাত্মক হলে সুস্থ হতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
এই প্রতিবেদন থেকে যা যা জানবেন
-
‘মাইসা’ সিনেমার শুটিং সেটে হিপ টেন্ডন ডিটাচমেন্ট হয়েছে রশ্মিকার।
-
ডান নিতম্বের চারটি প্রধান টেন্ডনের মধ্যে একটি হাড় থেকে আলাদা হয়ে গিয়েছে।
-
৬ সপ্তাহ নো-ওয়ার্কআউট, ডায়েট নিয়ন্ত্রণ এবং রিহ্যাব থেরাপির পরামর্শ।
-
ব্যায়াম বা নাচের আগে ঠিকমতো ওয়ার্ম-আপ এবং শরীরকে সঠিক বিশ্রাম দেওয়া।
কী কারণে এই ধরনের চোট হয়?
-
দৈহিক ক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করা বা একটানা দীর্ঘক্ষণ কায়িক পরিশ্রম করা।
-
হঠাৎ কোনও প্রস্তুতি বা প্রশিক্ষক ছাড়াই নাচ করা।
-
ভুল ভঙ্গিতে হাঁটাচলা বা শারীরিক কসরত করা।
-
বয়সের সঙ্গে সঙ্গে টেন্ডনের নমনীয়তা কমে যাওয়া।
চোট সারাতে কী ধরনের চিকিৎসা করা হয়?
হালকা চোট: পর্যাপ্ত বিশ্রাম, বরফ সেঁক এবং চিকিৎসকের পরামর্শ মতো হালকা ব্যায়াম। চোট সারতে কমপক্ষে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগে।
মাঝারি থেকে গুরুতর চোট: ইমোবিলাইজ়েশন, প্রয়োজনে অস্ত্রোপচার এবং ফিজিওথেরাপি করতে হয়। সারতে কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে।
চোট এড়াবেন কী ভাবে?
১. যে কোনও ভারী কাজ কিংবা নাচ, খেলাধুলো বা শরীরচর্চার করার আগে পেশি ও টেন্ডন শিথিল করতে সঠিক পদ্ধতিতে ওয়ার্ম-আপ করা জরুরি।
২. কাজ বা ব্যায়াম করার সময় শরীরে ব্যথা অনুভব হলে সেখানেই ইতি টানুন। জোর করে কিছু করবেন না।
৩. শারীরিক কসরত করার সময় পা ও গোড়ালিতে সাপোর্ট দেয় এমন জুতো পরুন।
৪. পেশিকে আবার আগের মতো সক্রিয় করে তুলতে হলে পর্যাপ্ত বিশ্রামও জরুরি।
FAQ
হিপ টেন্ডন ডিটাচমেন্ট হলে কি অস্ত্রোপচার বাধ্যতামূলক?
সব ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় না। চোটের ধরনের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি। হালকা চোট লাগলে বিশ্রাম এবং ফিজিওথেরাপিতেই সুস্থ হওয়া সম্ভব। তবে টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে আলাদা হয়ে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়।
সাধারণ মানুষেরও এই চোট লাগতে পারে?
ভারী জিনিস তোলার সময়, সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করার সময় কিংবা ভুল ভঙ্গিতে ব্যায়াম করলে সাধারণ মানুষেরও টেন্ডন ইনজুরি হতে পারে।