কিইভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত এক মহিলা
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। দুই দেশেই গত কয়েক দিনে একে অপরের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে। আগের দিনেই হামলা চালানো হয় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গেলেনঝিকের আরখিপো-ওসিপোভকা এলাকায় একটি রিসর্টের কাছে। পাল্টা হামলা চালায় রাশিয়াও। আর এর রেশ কাটার আগেই ফের কিইভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন এক মহিলা। সেই সঙ্গেই অন্তত আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আধিকারিকরা।