কেরালা কেন গুগল ম্যাপ থেকে বনাঞ্চলের লোকেশন সরাতে চাইছে?
অবৈধ জিওট্যাগিং নিয়ে কেন উদ্বিগ্ন কেরালা সরকার?
কেরালা বন দপ্তর ইতিমধ্যেই এমন সব বনাঞ্চলের তালিকা তৈরি করতে শুরু করেছে, যেগুলি সাধারণ মানুষ বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলি জিওট্যাগ করেছেন। বন দপ্তরের মতে, এ সব সংবেদনশীল এলাকাগুলির অবস্থান জনসাধারণের কাছে প্রকাশ্যে চলে আসায় পর্যটকদের ভিড় বাড়ছে এবং সংরক্ষিত বনাঞ্চলগুলিতে অবৈধ প্রবেশেও বৃদ্ধি পাচ্ছে। তাই এই ধরনের লোকেশন ম্যাপিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিওট্যাগিং কী? কখন তা বেআইনি?
জিওট্যাগিং হলো কোনও ছবি, ভিডিয়ো বা নির্দিষ্ট স্থানের সঙ্গে তার ভৌগোলিক অবস্থান (Location) যুক্ত করার প্রক্রিয়া। সাধারণ ভাবে এটি একটি প্রযুক্তিগত সুবিধা হলেও কেরালা সরকারের নতুন অবস্থান অনুযায়ী, যদি কোনও সংরক্ষিত বা পরিবেশগত ভাবে সংবেদনশীল বনাঞ্চলের সঠিক অবস্থান অনলাইনে প্রকাশ করা হয়, তবে সেটিকে অবৈধ জিওট্যাগিং হিসেবে বিবেচনা করা হবে।
কেরালার প্রধান বন সংরক্ষক রাজেশ রবীন্দ্রন জানিয়েছেন, এই ধরনের জিওট্যাগিং সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ করায় বন ও বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য বড় হুমকির কারণ হয়ে উঠছে।