মিড-ডে মিল: গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকার
এই সময়: কলকাতার স্কুলে মিড ডে মিলের খাবার বহনকারী ট্রাকগুলিকে নির্দিষ্ট একই রুট ধরে যাতায়াত করতে হবে, যাতে চালকরা রাস্তা সম্পর্কে অবহিত থাকেন— রাজ্যের ‘পিএম পোষণ’ বা মিড-ডে মিল প্রকল্পে মঙ্গলবার ইসকনের খাবার পরিবেশনে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) সংক্রান্ত নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর।
এই নির্দেশিকায় ট্রাকে জিপিএস ট্র্যাকিংও বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ৫০০ স্কুলে ৪৪ হাজার পড়ুয়াকে ১ অগস্ট থেকে মিড–ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকন পেলেও সব স্কুলে সময়ে খাবার পৌঁছচ্ছে না বলে কোনও কোনও মহলে সংশয় তৈরি হয়েছে।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, মর্নিং স্কুলে সকাল সাড়ে আটটা ও ডে স্কুলে বেলা দেড়টার মধ্যে খাবার পৌঁছে দিতেই হবে। দায়িত্ব থাকবে ইসকনের খাবার পরিবেশনকারী নির্ধারিত ফাউন্ডেশনের উপরে। ডেডিকেটেড ডেলিভারি কর্মীদের কাছ থেকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক খাবারের হিসেব বুঝে নিয়ে চালানে সই করবেন।
কোনও অবস্থায় খাবার পরিবহণকারী ট্রাককে স্কুলে দাঁড় করিয়ে রাখা যাবে না। সেই সঙ্গে কোনও স্কুল একক ভাবে শিফ্টের সময় বদলের দাবিও করতে পারবে না। প্রয়োজন থাকলে, নোডাল অফিসারকে কারণ দেখিয়ে লিখিত আবেদন করতে হবে। প্রতিটি স্কুলে ছাত্র সংখ্যার অনুপাতে ‘কুক-কাম-হেল্পার’ নিযুক্ত থাকবে।