ছেলের স্মৃতিতে ৪০ লক্ষ টাকা দান, সেবা সমিতির উন্নয়নই লক্ষ্য - 24 Ghanta Bangla News
Home

ছেলের স্মৃতিতে ৪০ লক্ষ টাকা দান, সেবা সমিতির উন্নয়নই লক্ষ্য

Spread the love

এই সময়, বর্ধমান: গত ৪৮ বছর ধরে বর্ধমান জেলায় স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিয়েছে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি। জেলার বহু মানুষকে আর্থিক সাহায্য ছাড়াও স্বেচ্ছাশ্রমে এই প্রতিষ্ঠান এখন মহীরুহে পরিণত হয়েছে। মঙ্গলবার কাজী নজরুল ইসলামের জন্মদিনে সেই সংস্থায় এসে প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাদাস চট্টোপাধ্যায় তাঁর সারা জীবনের সঞ্জয় ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন। এই টাকা খরচ করে সেবা সমিতির যাতে সার্বিক উন্নয়ন হয়, সেই অনুরোধ করেন তিনি।

৮৬ বছরের আদ্যোপান্ত বামপন্থীমনস্ক দুর্গাদাস বলেন, ‘আমাদের একটি ছেলে ছিল। জন্মগত ভাবেই তার হার্টের কিছু সমস্যা ছিল। দীর্ঘ চিকিৎসার পরেও আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। ছেলেকে হারানোর পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনও সন্তান চাই না। নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যতটা টাকা দরকার তা খরচ করে বাকি টাকা জমিয়েছি। স্ত্রী ৭-৮ বছর আগে মারা গিয়েছেন। আমারও বয়স হচ্ছে, তাই নিজের কর্তব্য পালন করতে এলাম। এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না।’

তিনি যোগ করেন, ‘শিবশঙ্কর সেবা সমিতি শুধু বর্ধমান জেলার নয়, রাজ্যেরও গর্ব। এখানে নিজস্ব কর্তব্য পালন না-করলে তৃপ্ত হব না।’

ঘরোয়া এই অনুষ্ঠানে দুর্গাদাসের হাত থেকে চেক গ্রহণ করেন সেবা সমিতির অছি পরিষদের সদস্য অমল হালদার। পুষ্পস্তবক দিয়ে খালুইবিল মাঠের বাসিন্দা দুর্গাদাসকে সংবর্ধনা জানান সমিতির সম্পাদক সম্বরণ প্রামাণিক। সমিতির অন্যতম সদস্য তুষারকান্তি বটব্যাল সকলকে ধন্যবাদ জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *