Udaynidhi Stalin: অভিনেত্রী তৃষাকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য, স্ট্যালিন পুত্র উদয়নিধিকে গ্রেফতার করল বিজয়ের পুলিশ | Udhayanidhi Stalin Arrested Over Controversial Remarks on Actor Trisha - 24 Ghanta Bangla News
Home

Udaynidhi Stalin: অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, স্ট্যালিন পুত্র উদয়নিধিকে গ্রেফতার করল বিজয়ের পুলিশ | Udhayanidhi Stalin Arrested Over Controversial Remarks on Actor Trisha

Spread the love

চেন্নাই : তামিল অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। গ্রেফতার তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন (Udaynidhi Stalin)। মঙ্গলবার সকালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় চেন্নাইয়ে। এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির (Udaynidhi) বাড়িতে পৌঁছয় পুলিশ। তারপরই দেখা যায়, উদয়নিধিকে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে পুলিশ। তখনই জানা যায়, গ্রেফতার করা হয়েছে তাঁকে। সোমবার এক রাজনৈতিক সমাবেশে তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

কী বললেন উদয়নিধি?

যদিও, পুলিশের সঙ্গে বাড়ি থেকে বেরোনোর সময় হাসিমুখেই দেখা যায় উদয়নিধিকে। বলেন, “এই গ্রেফতারিকে আমি রসিকতা হিসেবেই দেখছি। আইনি লড়াইয়ের মাধ্যমে এর মোকাবিলা করব।” অন্যদিকে, ডিএমকে (DMK) এই গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে। দলের নেতা টিকেএস ইলঙ্গোভান বলেন,”উদয়নিধি কারও বিরুদ্ধে কিছু বলেননি। তিনি শুধু মুখ্যমন্ত্রী বিজয়ের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। বক্তৃতায় কোনও অপমানজনক মন্তব্য ছিল না, এমনকি তৃষার নামও উল্লেখ করেননি।”

তবে, টিভিকে এই অভিযোগ খারিজ করেছে। দলের নেতা আমেরিকাই নারায়ণন বলেন,”উদয়নিধিকে মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকের বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেফতার করা হয়নি। একজন মহিলাকে অপমান করার জন্য গ্রেফতার করা হয়েছে।”

ঠিক কী হয়েছিল?

সোমবার তাঞ্জাভুরে কাবেরী জলবণ্টন ইস্যুতে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন উদয়নিধি স্টালিন। তিনি অভিযোগ করেন, তামিলনাড়ু এখনও কাবেরীর এক ফোঁটা জলও পায়নি, অথচ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এ বিষয়ে উদাসীন।

এই সময় জনতার মধ্যে থেকে কেউ তৃষা, তৃষা বলে স্লোগান দিতে শুরু করেন। তখন উদয়নিধি বক্তব্য থামিয়ে মুখে হাসি নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

এরপরই টিভিকে জাতীয় মহিলা কমিশনের (NCW) কাছে অভিযোগ জানিয়ে উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। পাশাপাশি পুলিশের কাছেও পৃথক অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগপত্রে টিভিকে জানিয়েছে, উদয়নিধি স্টালিন জনসমাবেশে এক মহিলাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। দলের দাবি, এ ধরনের মন্তব্য জনসমক্ষে নারীর অবমাননার সমান। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, তামিল ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, বিজয়ের বিশেষ বান্ধবী তৃষা। শপথগ্রহণ অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি জল্পনা বাড়িয়েছে। শুধু তাই নয়, এমনও গুঞ্জন রয়েছে তৃষার জন্যই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছিল বিজয়ের। দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ানোর পর থেকে রাজনীতি ও চলচ্চিত্র জগতের বিভিন্ন মহল থেকে নানা মন্তব্য করা হয়েছে। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিজেপি নেতা নাইনার নাগেন্দ্রনও তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোহ। পরে অভিনেত্রীর আইনি টিম সেই মন্তব্যের বিরুদ্ধে আপত্তি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *