ভাঙনের কবলে রূপনারায়ণের পারে বেনাপুরের চর, আতঙ্কে গ্রামের মানুষ
প্রাণবল্লভপুর এলাকার বাসিন্দা অবোধ সামন্ত বলেন, ‘প্রায় দু’যুগ আগে রূপনারায়ণের পাশে বিশাল এলাকাজুড়ে এক চর উঠেছিল। সেই বিশাল চরে বড় বড় বাবলা, অশ্বত্থ-সহ একাধিক গাছও হয়েছিল।’ গ্রামবাসী শ্যামসুন্দর সামন্ত, সৌমিত্র সামন্তরা জানান, এত বড় চর উঠেছিল যে, ছেলের দল ফুটবল নিয়ে খেলাধুলো করত। তবে এখন যে ভাবে চর নদীর গর্ভে চলে যাচ্ছে, তাতে পিকনিক পার্টি আসার সংখ্যা অনেক কম। তাঁরা বলেন, ‘ওই বিশাল চর বছর কয়েক আগে থেকেই নদীগর্ভে চলে যাচ্ছে। গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের দাবি, অবিলম্বে এই চর বাঁধা হোক।’