টার্গেট প্রাইস বাড়াল Nuvama, চাঙ্গা Blue Dart-এর শেয়ার
চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিক (Q1FY27) শক্তিশালী ফলাফলের পরে ব্লু ডার্ট এক্সপ্রেস (Blue Dart Express)-এর শেয়ার নিয়ে আশাবাদী ব্রোকারেজ সংস্থা নুভামা (Nuvama)। এই স্টকে ‘Buy’ রেটিং বজায় রেখে টার্গেট প্রাইসও বাড়িয়েছে এই ব্রোকারেজ ফার্ম। এর জেরে সোমবারের ট্রেডিংয়ে এই স্টক কিনতে লগ্নিকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এর জেরে ব্লু ডার্টের শেয়ার ৬.৭৭% বেড়ে ৫,৫০৯.৫০ টাকায় পৌঁছয়।
ব্লু ডার্টের নেট প্রফিট বছরে ৭৯.৬% বেড়ে ৮৮ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪৯ কোটি টাকা। অন্যদিকে অপারেশন থেকে আয় (Revenue from Operations) ১৫.১% বেড়ে হয়েছে ১,৬৫৮ কোটি টাকা। গত বছরের একই ত্রৈমাসিকে তা ছিল ১,৪৪১ কোটি টাকা।
এ প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বালফোর ম্যানুয়েল (Balfour Manuel) বলেন, ‘আমাদের Q1FY27-এর ফলাফল দেখিয়ে দিয়েছে যে পরিকল্পনা অনুযায়ী কাজ করা, নেটওয়ার্ক পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা ধরে রাখার ফল মিলেছে। কঠিন ব্যবসায়িক পরিবেশ ও পরিচালন খরচ বৃদ্ধি সত্ত্বেও আমরা মুনাফায় ভালো বৃদ্ধি ধরে রাখতে পেরেছি এবং নির্ভরযোগ্য ও দ্রুত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি বজায় রেখেছি।’
তিনি আরও বলেন, ‘সংস্থা এখন উৎপাদনশীলতা বাড়ানো, এয়ার ও গ্রাউন্ড নেটওয়ার্ক আরও শক্তিশালী করা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘমেয়াদি মূল্য তৈরির জন্য টেকসই সক্ষমতায় বিনিয়োগের উপর জোর দিচ্ছে।’
এ দিকে, নুভামা রিসার্চ জানিয়েছে, ব্লু ডার্টের ত্রৈমাসিক ফলাফল তাদের প্রত্যাশার থেকেও ভালো হয়েছে। সংস্থার রেভিনিউ প্রায় ১৫% বেড়েছে এবং EBITDA মার্জিন ২২০ বেসিস পয়েন্ট বেড়ে ১৫.৮%-এ পৌঁছেছে।
ব্রোকারেজ সংস্থার মতে, PAT বছরে ৮১% বেড়ে ৮৮.৫ কোটি টাকা হয়েছে, যা তাদের অনুমান ও বাজারের প্রত্যাশা— উভয়ই ছাপিয়ে গিয়েছে।
সব মিলিয়ে নুভামা ব্লু ডার্টে ‘Buy’ রেটিং বজায় রেখেছে। পাশাপাশি, জুন ২০২৭-এর টার্গেট প্রাইস ৬,৯০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৩৫০ টাকা করেছে।
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)