প্রধানমন্ত্রীকে কটু মন্তব্যে অভিযুক্ত নাবালিকার বিরুদ্ধে কোনো মামলা নয়: দিল্লি পুলিশ সূত্র - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রীকে কটু মন্তব্যে অভিযুক্ত নাবালিকার বিরুদ্ধে কোনো মামলা নয়: দিল্লি পুলিশ সূত্র

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ও কটু মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত ১৫ বছর বয়সি কিশোরীর বিরুদ্ধে নতুন করে কোনও আইনি মামলা বা কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ সূত্র। দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্য করায় এক কিশোরীর বিরুদ্ধে জ়িরো FIR দায়ের করেছিল নয়ডা পুলিশ। সেই FIR নিয়ে না এগোনোর সিদ্ধান্ত পুলিশের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভিডিয়োবার্তায় জানিয়েছিলেন, দেশের তরুণ প্রজন্মকে তিনি ক্ষমা করে দিয়েছেন।

কী ঘটেছিল?

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে অংশ নিয়েছিল ওই কিশোরী। সেখান থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি ভিডিয়োতে তাকে গালিগালাজ করতে দেখা যায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা সকলের নজরে আসে। এর পরপরই গাজ়িয়াবাদের এক অভিযোগকারীর আবেদনের ভিত্তিতে উত্তরপ্রদেশের নয়ডা পুলিশ তিনটির বেশি ধারায় একটি ‘জিরো এফআইআর’ (Zero FIR) দায়ের করে। পরবর্তীতে ঘটনাটি দিল্লির এক্তিয়ারভুক্ত হওয়ায় নয়ডা পুলিশ বিষয়টি তদন্তের জন্য দিল্লি পুলিশের পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করে।

ক্ষমা প্রার্থনা ও ক্ষমার বার্তা

আইনি প্রক্রিয়া শুরুর মুখে ১৫ বছর বয়সি ওই কিশোরী একটি ভিডিয়ো প্রকাশ করে সর্বসমক্ষে ক্ষমা চায়। হাতজোড় করে সে জানায়, যন্তর মন্তরে উপস্থিত অন্যান্য মানুষের প্ররোচনায় পড়ে সে এই মন্তব্য করে ফেলেছে, যার জন্য সে গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত। ভিডিয়োতে মেয়েটি বলে, ‘আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি। এটাই আমার প্রথম এবং শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি ভীষণ লজ্জিত। আমি নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক বার্তায় সহনশীলতা ও ক্ষমার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিভ্রান্ত তরুণ প্রজন্মকে শাস্তির বদলে সঠিক দিশা দেখানোই মূল উদ্দেশ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর এই উদারতার পরে কিশোরীর মা-ও সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, প্রধানমন্ত্রী তাঁর মেয়েকে ক্ষমা করে নতুন জীবন দান করেছেন।

দিল্লি পুলিশের অবস্থান

দিল্লি পুলিশ সূত্রে খবর, যেহেতু অভিযুক্ত একজন নাবালিকা (১৫ বছর) এবং সে ইতিমধ্যেই প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেছে। সে যে অনুশোচনায় ভুগছে তাও স্পষ্ট। তাই তার ভবিষ্যৎ ও প্রধানমন্ত্রীর ক্ষমার বার্তাকে গুরুত্ব দিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তই গৃহীত হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *