শারদ্বতের বার্তায় তটস্থ গোটা হাসপাতাল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, এই সফরের উদ্দেশ্য শুধুমাত্র ত্রুটি ধরা নয়, সেই ত্রুটি দূর করার রূপরেখা তৈরি করা। তাঁর কথায়, ‘ঘাটতি যে আছে, সেটা সবাই জানেন। কিন্তু সেই ঘাটতি চিহ্নিত করে কী ভাবে দূর করা হবে, সেটাই এখন আমাদের কাজ।’ তিনি জানান, জেলার বিভিন্ন নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামের সিএমওএইচ-দের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নিজে চিকিৎসক হওয়ায় হাসপাতালের সমস্যাগুলি দ্রুত ধরতে পেরেছেন। কোথায় কী উন্নতি করতে হবে তা বিস্তারিত জানিয়েছেন। আমরা সেই নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করব।’