EPFO: ৪৮ ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা! EPFO গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা | Big Announcement by EPFO: PF Withdrawal to be Fast Tracked, Money will be Credited within 24 to 48 Hours
নয়া দিল্লি: ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য বিরাট সুখবর। জরুরি পরিস্থিতিতে যদি পিএফের টাকা তুলতে হয় (EPF Withdrawal), তাহলে আর কয়েকদিন বা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে না। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবার থেকে পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আরও সহজ হয়ে গেল।
পিএফের টাকা পাবেন দিনের দিনই-
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হচ্ছে। এখন থেকে পিএফ-এর টাকা তোলার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। অনলাইনে আবেদন করার মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই দাবি নিষ্পত্তি করা হবে, অ্যাকাউন্টে চলে আসবে টাকা। কিছু ক্ষেত্রে একই দিনে, অর্থাৎ যে দিন টাকা তোলার জন্য আবেদন করা হয়েছে, সেই দিনই অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।
ইপিএফও সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (সিপিএফসি) রমেশ কৃষ্ণমূর্তি নয়া দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস সামিটে অংশ নিয়েছিলেন। সেখানেই তিনি পিএফের টাকা তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান যে পিএফের ক্লেম দ্রুত নিষ্পত্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ক্লেম বা দাবিগুলি অটো সেটেলমেন্ট সিস্টেমের অধীনে নিষ্পত্তি করা হবে, যার ফলে নগদ টাকা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করার প্রয়োজন হবে না।
টাকা তোলার জন্য আবেদন করার সঙ্গে সঙ্গেই প্রক্রিয়াটি শুরু হবে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলির নিষ্পত্তি করা হবে।
তিনি জানান যে নতুন চালু হওয়া অটো সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে ৯০ শতাংশ দাবি কোনও দেরি ছাড়াই নিষ্পত্তি করা হচ্ছে। যে সমস্ত অমীমাংসিত বা আন-সেটেলড ক্লেমের নিষ্পত্তি ইতিমধ্যেই করা হচ্ছে।
আগে পিএফ-এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৭ থেকে ১০ দিন সময় লাগত। অটো সেটেলমেন্ট ব্যবস্থা চালু হওয়ার পর, কর্মচারীদের এখন আর প্রয়োজনের সময় তহবিলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, শিক্ষা, বাড়ি কেনা বা অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য সহজেই পিএফ-এর টাকা তোলা যায়। প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত।
ইপিএফও জানিয়েছে যে শীঘ্রই ইউপিআই (UPI)-এর মাধ্যমে পিএফ (PF)-এর টাকা তোলার সুবিধা চালু করা হবে। এর ফলে টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।