ডিলিমিটেশনে বেশি ওয়ার্ড বাড়ছে কসবা ও বেহালায়?
কলকাতায় গেরুয়া শিবিরের একাধিক মণ্ডল এবং ওয়ার্ড কমিটির ফেসবুকে পেজে ডিলিমিটেশনের খসড়া তালিকা বলে একগুচ্ছ লিস্ট পোস্ট করা হলেও মহানগরের একাধিক বিজেপি বিধায়ক এই খসড়া সম্পর্কে ওয়াকিবহাল নন। উত্তর কলকাতার এক বিজেপি বিধায়কের কথায়, ‘ডিলিমিটেশনে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০০টি হবে। প্রত্যেক ওয়ার্ডে ভোটারের সংখ্যা মোটামুটি ১৬ হাজারের আশপাশে থাকবে। কিন্তু চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে কি না, জানা নেই।’ বর্তমানে কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ড মোট ১৭টি বিধানসভার মধ্যে ছড়িয়ে রয়েছে। এই বিধানসভাগুলি হলো— কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর–বেলগাছিয়া।