আগামীর পৃথিবী হোক আরও সবুজ, শপথ ‘সাসটেইনেবিলিটি কনক্লেভ’-এ - 24 Ghanta Bangla News
Home

আগামীর পৃথিবী হোক আরও সবুজ, শপথ ‘সাসটেইনেবিলিটি কনক্লেভ’-এ

Spread the love

এই সময়, বর্ধমান: লক্ষ্য আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন–এর উদ্যোগে শনিবার বর্ধমানে অনুষ্ঠিত হলো ‘সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৬’। যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা–সহ পরিবেশবিদ ও গবেষকরা।

কনক্লেভে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, সবুজ ক্যাম্পাস, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ পরিবহণের মতো বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাতে গ্রিন অডিট রিপোর্ট এবং বায়ুর গুণমান নির্ধারক যন্ত্র বিনামূল্যে তুলে দেওয়া হয়।

কনক্লেভে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মান জানানো হয়। গ্র্যান্ড সাসটেইনেবিলিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায় পোলবা মহাবিদ্যালয়। প্ল্যাটিনাম সাসটেইনেবিলিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে গুসকরা মহাবিদ্যালয়, তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয়, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ ও বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ। গোল্ড সাসটেইনেবিলিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড লাভ করে জামালপুর মহাবিদ্যালয়, মঙ্গলকোটের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠ ও শরৎ সেন্টেনারি কলেজ। সিলভার সাসটেইনেবিলিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় কালনার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজ, স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়, চণ্ডীদাস মহাবিদ্যালয় ও গলসি মহাবিদ্যালয়কে। গ্রিন কমিটমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে বক্সীরহাট মহাবিদ্যালয়, হিজলি কলেজ, কোচবিহার কলেজ, ময়নাগুড়ি কলেজ ও বিজয়নারায়ণ মহাবিদ্যালয়। আউটস্ট্যান্ডিং সাসটেইনেবিলিটি ইনস্টিটিউশন–এর সম্মান পায় বর্ধমান রাজ কলেজ। সেরা ই-বর্জ্য সংগ্রহের জন্য আমারুন-২ পঞ্চায়েত, ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও গুসকরা মহাবিদ্যালয় এবং সেরা কঠিন বর্জ্য ও ই-বর্জ্য সংগ্রহের জন্য পোলবা মহাবিদ্যালয় পায় ওয়েস্ট রিসাইক্লিং লিডারশিপ অ্যাওয়ার্ড।

কনক্লেভে ইন্টার্নশিপ লিডারশিপ অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয় কালনার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, প্রথম রানার্স হয় পোলবা মহাবিদ্যালয় এবং দ্বিতীয় রানার্স হয় স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়। আউটস্ট্যান্ডিং কোঅপারেটিভ স্কুল অ্যাওয়ার্ড লাভ করে বর্ধমান আদর্শ বিদ্যালয়, কাঞ্চননগর ডিএন দাস হাইস্কুল, তেজগঞ্জ হাইস্কুল এবং কৈচর ষোড়ষীবালা বালিকা বিদ্যামন্দির।

আয়োজক সংস্থার তরফে সন্দীপন সরকার জানান, ‘আশা করা যায়, এই কনক্লেভ থেকে উঠে আসা মতামত এবং সুপারিশ ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এ দিন কনক্লেভ উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি (প্ল্যানিং) দ্যুতিমান ভট্টাচার্য। তিনি নিজেও দান করেন রক্ত। জাতীয় শিক্ষক অরূপকুমার চৌধুরী, সমাজকর্মী সুখমিন্দর সিং–সহ অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *