UPI Payment: সেপ্টেম্বর থেকে GPay, PhonePe-তে টাকা পাঠানোয় বড় বদল! এখনই আপডেট জেনে রাখুন | From September, Big Change in UPI Payment, Phone Number will not be seen anymore
নয়া দিল্লি: দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা। আর অনলাইনে পেমেন্টের কথা বললেই ইউপিআই (UPI)-র কথাই মাথায় আসে সবার প্রথমে। ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসা, সর্বত্রই গুগলপে (Google Pay), ফোনপে (PhonePe) ব্যবহার হয়। এবার ইউপিআই ব্যবস্থায় আসতে চলেছে বিরাট বদল।
ইউপিআই ব্যবহারকারীদের পেমেন্টে প্রাইভেসি বা গোপনীয়তা বাড়াতে এবং নিরাপত্তা আরও মজবুত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) নতুন গাইডলাইন ইস্যু করেছে।
কী পরিবর্তন আসছে?
এনসিপিআই-র নতুন নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে সমস্ত ইউপিআই অ্যাপ ও ব্যাঙ্কগুলিকে প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। ৪ সেপ্টেম্বরের পর থেকে ইউপিআই দিয়ে টাকা পাঠানোর সময় আর সম্পূর্ণ মোবাইল নম্বর দেখা যাবে না। শুধুমাত্র ফোন নম্বরের শেষ চারটি ডিজিট দেখা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তুলনামূলকভাবে কম ফাঁস বা শেয়ার হবে।
সেপ্টেম্বর থেকে কিউআর কোড ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করলেও যিনি টাকা পাঠাচ্ছেন এবং যিনি টাকা পাচ্ছেন, তাদের পুরো মোবাইল নম্বরও দেখা যাবে না। অর্থাৎ এক্ষেত্রেও গোপনীয়তা রক্ষা করা হবে। অচেনা ব্যক্তি বা কোনও দোকানে পেমেন্ট করতে গেলে, ইউপিআই ব্যবহারকারীর ফোন নম্বর গোপন থাকবে।
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের অধীনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউপিআই পেমেন্টের সময় মোবাইল নম্বর সংগ্রহ করে তারপর অগুনতি অবাঞ্চিত ফোন কল, প্রতারণার চেষ্টা হচ্ছে বলে লাগাতার অভিযোগ পাওয়ার পরই এনপিসিআই-র তরফে এই পদক্ষেপ করা হচ্ছে।