ডেউচা পাচামি: ‘কংক্রিট রোডম্যাপ’ সেপ্টেম্বরে
এ দিন রামপুরহাটের ঐতিহ্যবাহী ‘রক্তকরবী’ মঞ্চে মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার প্রশাসনিক বৈঠক হয়। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা ছাড়াও ছিলেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, ডেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী ওই দুর্নীতির উল্লেখ করতেই বৈঠকে গুঞ্জন শুরু হয়। জেলাশাসক বলেন, ‘ওই ব্যক্তির পাট্টা বাতিল করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানতে চান, সেই চাকরির কী অবস্থা? জেলাশাসক জানান, চাকরিও বাতিল হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডেউচা পাচামি নিয়ে রাজ্য ‘কংক্রিট রোডম্যাপ’ বানিয়ে তা জানাবে। তখন ফের বীরভূমে গিয়ে তিনি ওই অঞ্চলের খাস জমির পাট্টা আদিবাসীদের মধ্যে বিতরণ করবেন। ওই প্রকল্প কতটা বাস্তবসম্মত, এলাকায় সরকারি জমিতে শিল্পায়নের কাজ কী ভাবে করা যায়, এ সব নিয়ে সিদ্ধান্ত নিতেই মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।