Franco Baresi Death: মাত্র ৬৬তেই সব শেষ, ইতালিয়ান ডিফেন্স ভেঙে না ফেরার দেশে বারেসি! | Franco Baresi passes away at the age of 66 only - 24 Ghanta Bangla News
Home

Franco Baresi Death: মাত্র ৬৬তেই সব শেষ, ইতালিয়ান ডিফেন্স ভেঙে না ফেরার দেশে বারেসি! | Franco Baresi passes away at the age of 66 only

Spread the love

ইতালি : প্রয়াত ইতালির কিংবদন্তি ফুটবলার ও এসি মিলানের প্রাক্তন অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কোন রোগে এই কিংবদন্তি ফুটবলারের জীবনাবসান হল, তা এখনও জানা যায়নি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এসি মিলান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,”বারেসির আদর্শ, সততা ও নেতৃত্ব চিরকাল এসি মিলানের ইতিহাস ও সংস্কৃতির অংশ হয়ে থাকবে।”

১৯৬০ সালে জন্ম বারেসির। ১৯৭৭ সালে যোগ দেন এসি মিলান ক্লাবে। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে একমাত্র এসি মিলানেই খেলেছেন তাদের পছন্দের ফুটবলার। ১৯৮২ বিশ্বকাপ জিতেছিলেন ইতালির হয়ে। তাঁকে বলা হয় ইতালির সর্বকালের সেরা ডিফেন্ডার। ক্লাবের হয়ে মোট ৫৩২টি ম্যাচ খেলেছেন বারেসি। দেশের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ। নিজের ২০ বছরের কেরিয়ারে তিনি জিতেছেন ৬টি সিরি এ ট্রফি, ৩টি ইউরোপ সেরা ট্রফি, ৪টি সুপারকোপা, ৩টি উয়েফা সুপারকাপ ট্রফি। ১৯৮২ সালে না খেলেই বিশ্বকাপ জেতেন কিন্তু ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে রবার্তো বাজ্জিওর সঙ্গে তিনিও পেনাল্টি মিস করেছিলেন।

ক্লাব ফুটবলে পাওলো মালদিনি, কোস্তাকুর্তাদের সঙ্গে ইতালির শক্ত ডিফেন্স গড়ে ইউরোপের সেরা রক্ষণভাগ গড়ার খেতাব পান বারেসি। তবে মিলানে তাঁর ডাকনাম ছিল ‘পিসকিনিন’ (লিটল ওয়ান)। এমনকি অনেকে তাঁকে কাইজার ফ্রাঞ্জ (ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের নামানুসারে) বলেও ডাকতেন। ২০২০ সালে তাঁকে এসি মিলানের সম্মানসূচক সহ-সভাপতি করা হয়। ২০২৪ সালে তাঁর সম্মানে ক্লাব ৬ নম্বর জার্সির পাকাপাকি অবসর ঘোষণা করে। ২০২৫ সালে তাঁর ফুসফুসে অপারেশন হওয়ার পর আর সেভাবে বেরোতেন না তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তাঁর শেষ উপস্থিতি। তবে আজ বারেসির প্রয়াণে সত্যিই যেন ইতালিয়ান ডিফেন্সের এক বড় অংশ ফাঁকা হয়ে গেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *