পুজো কমিটি থেকেও বাদ তৃণমূল নেতারা, আড়ম্বরেও কি ঘাটতি?
প্রদীপ চক্রবর্তী, মহম্মদ মহসিন
রাজনৈতিক পালাবদলের আঁচ এসে পড়ল দুর্গাপুজোর অঙ্গনেও। বিগত দেড় দশকের বেশি ধরে হাওড়া ও হুগলি জেলার অধিকাংশ বারোয়ারি দুর্গাপুজোর মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের পৃষ্ঠপোষকাতেই এতদিন পুজোর আয়োজন করা হতো। কিন্তু রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সর্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে তৃণমূল নেতাদের সরিয়ে সেই জায়গায় বসানো হচ্ছে বিজেপি নেতাদের। কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে এ বার দুর্গাপুজোর জৌলুস কিছুটা হলেও কমতে পারে। যদিও পুজো উদ্যোক্তারা দাবি করছেন, কমিটি থেকে তৃণমূল নেতারা সরলেও পুজোর আড়ম্বরে কোনও ঘাটতি হবে না। পুজো যেমন হয়, তেমনই হবে।