'ফ্ল্যাট নয়, গ্রামে জমি চাই', মন্ত্রীর আর্জি খারিজ
এই সময়, দুর্গাপুর: ধসের আতঙ্কে দিন কাটলেও সরকারি আবাসনে যেতে নারাজ অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা। অন্ডাল বিমাননগরীতে তৈরি প্রায় পাঁচ হাজার ফ্ল্যাট খালি পড়ে থাকলেও সেখানে স্থানান্তরিত হতে সম্পূর্ণ অস্বীকার করেছেন তাঁরা। ইসিএল-এর নির্দিষ্ট নিয়ম মেনে জমি সমেত নতুন গ্রাম তৈরি করে দেওয়ার দাবিতে এখনও অনড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অন্ডাল বিমাননগরীর একটি কমিউনিটি হলে গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও কোনও রফাসূত্র মেলেনি।
এ বছর বিধানসভা নির্বাচনের সময়ে অন্ডালে প্রচারে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিশপুরের ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ফ্ল্যাটে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দু’টি করে ফ্ল্যাট দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও রাজি হননি গ্রামবাসীরা।
বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পালও জীবনের ঝুঁকি এড়িয়ে ওই পরিবারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে চলে আসার অনুরোধ জানান। কিন্তু গ্রামবাসী আনন্দ চৌধুরী স্পষ্ট বলেন, ‘আমরা কোনও ভাবেই ফ্ল্যাটে যাব না। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মানুষের পক্ষে এই ধরনের ছোট ঘরে থাকা সম্ভব নয়। তা ছাড়া নির্মাণের মানও খুব একটা ভালো নয়। ইসিএলের নিয়ম অনুযায়ী অন্য কোনও ফাঁকা জায়গায় জমি ও ঘর সমেত নতুন গ্রাম তৈরি করে দিতে হবে। তবেই আমরা গ্রাম ছাড়ব।’
গ্রামবাসীদের অবস্থান শোনার পরে অগ্নিমিত্রা বলেন, ‘হরিশপুরে যাঁদের জমি আছে, তাঁদের দু’টি করে ফ্ল্যাট দেওয়ার পাশাপাশি গবাদি পশুর জন্য আলাদা শেড, কমিউনিটি হল, বাজার ও স্কুলের সুবিধার কথা বলা হয়েছিল। তবুও বাসিন্দারা নিজস্ব পদ্ধতিতে পুনর্বাসনের দাবি রেখেছেন। বিষয়টি নিয়ে আমরা ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’
উল্লেখ্য, কয়েক বছর আগে হরিশপুর গ্রামে একদিনে পর পর দু’বার ভয়াবহ ধস নামে। একাধিক বাড়ি মাটির নীচে তলিয়ে যায়। বহু ঘরে বড় বড় ফাটল দেখা দেয়। কিছু বাড়ি হেলে পড়ে। প্রাণ বাঁচাতে বহু পরিবার অন্যত্র আশ্রয় নেয়। পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট থেকে শুরু করে একাধিক আন্দোলন গড়ে তোলেন স্থানীয়রা। কিন্তু মনের মতো ক্ষতিপূরণ বা জমি না-পাওয়ায় বাধ্য হয়ে তাঁরা আবারও সেই বিপজ্জনক ধস কবলিত গ্রামেই জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন।