Laxmi Yojana: হাতে নগদ নয়, মহিলাদের Fixed Deposit করে দেবে সরকার! কারা মাসে মাসে আড়াই হাজার টাকা পাবেন? | Delhi Laxmi Yojana Announced for Women by Government, Money will not be Given Directly, Who Can Apply to Monthly Finance Aid Scheme
কারা এই আর্থিক প্রকল্প থেকে বাদ পড়বেন?Image Credit: Chatgpt
নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে মাসে মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। বিজেপি ভোটে জিতে সরকারও গড়ে, কিন্তু এক বছর পরও সেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে ভোটের অন্যতম প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে দিল্লি সরকার। “দিল্লি লক্ষ্মী যোজনা”-এ অনুমোদন দিল মন্ত্রিসভা। কারা কারা এই আর্থিক প্রকল্পের সুবিধা পাবেন?
দিল্লির মুখ্যমন্ত্রা রেখা গুপ্তা আগেই জানিয়েছিলেন যে শীঘ্রই মহিলাদের জন্য লক্ষ্মী যোজনা শুরু করা হবে। সেই প্রতিশ্রুতিই পূরণ হতে চলেছে। এই প্রকল্পে ২১ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
আগামী ১ অগস্ট একটি অনলাইন পোর্টাল লঞ্চ করা হবে। এই পোর্টাল থেকেই দিল্লি লক্ষ্মী যোজনার জন্য আবেদন করা যাবে। যোগ্য আবেদনকারী মহিলারা রাখির দিন প্রথম কিস্তির টাকা পাবেন। দিল্লির মোট ১৭ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এর জন্য দিল্লি বাজেটে ৫১১০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্রকল্পটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য অনুমোদিত হয়েছে, এর পরে এটি পর্যালোচনা করে সম্প্রসারিত করা হতে পারে।
কী কী শর্ত পূরণ করতে হবে?
- দিল্লির এই আর্থিক সহায়তা প্রকল্পের জন্য একাধিক শর্ত রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল আবেদনকারী মহিলাকে দিল্লির বাসিন্দা হতে হবে, আধার কার্ড থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে ১০ বছর দিল্লিতে বসবাস করতে হবে।
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে।
- যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার কম, তারাই আবেদন করতে পারবেন। এর থেকে বেশি আয় হলে, আবেদন করা যাবে না।
- যে মহিলাদের তিনজনের বেশি জীবিত সন্তান রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই নির্দিষ্ট শর্তটির কারণে দিল্লির সর্বনিম্ন আয়ের পরিবারগুলোর প্রায় ১৫ শতাংশ মহিলা বাদ পড়তে পারেন। এছাড়া শর্ত দেওয়া হয়েছে যে আবেদনকারীর পরিবারের বার্ষিক বিদ্যুৎ খরচ ২,৪০০ ইউনিটের বেশি হওয়া যাবে না।
- নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের একটি স্ব-ঘোষণাপত্র বা সেল্ফ ডিক্লেরেশন জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে যে তিনি ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা এবং তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই।
কারা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন?
- যে আবেদনকারীর পরিবারের সদস্যরা আয়কর প্রদান করেন বা জিএসটি রিটার্ন দাখিল করেন, তারা এই আর্থিক সুবিধা পাবেন না।
- আবেদনকারীর পরিবারের কোনও সদস্য যদি কেন্দ্রীয়, রাজ্য সরকার, রাষ্ট্র অধীনস্থ সংস্থা বা অন্য কোনও সরকারি সংস্থায় কর্মরত হন, তাহলে তারাও আর্থিক সুবিধা পাবেন না।
- যেসব পরিবারের পুরুষ সদস্যরা ইতিমধ্যেই কোনও সরকারি প্রকল্প বা পেনশনের সুবিধা গ্রহণ করছেন, তারাও লক্ষ্মী যোজনার সুবিধা পাবেন না।
- যেসব পরিবারের চার চাকার গাড়ি আছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- যে মহিলাদের অপরাধমূলক রেকর্ড রয়েছে, তারা আর্থিক সুবিধা পাবেন না।
নগদ টাকা পাবেন না মহিলারা-
দিল্লি সরকারের এই আর্থিক প্রকল্পে সবথেকে বড় যে চমক, তা হল মহিলারা নগদ টাকা তুলতে পারবেন না। টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেক্ষেত্রেও দুটি অপশন থাকবে।
প্রথম অপশন: প্রতি মাসে আরডি (RD) বা এফডি (FD) অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে জমা দেওয়া হবে এবং বাকি ১০০০ টাকা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ওয়ালেটে জমা করা হবে। এই ওয়ালেটটি শুধুমাত্র অনুমোদিত পণ্য বা পরিষেবার জন্য ব্যবহার করা যাবে।
দ্বিতীয় অপশন: ২৫০০ টাকা সরাসরি আরডি বা এফডি অ্যাকাউন্টের জমা করা যাবে। তিন বছরের লক ইন পিরিয়ড থাকবে। অর্থাৎ তিন বছরের আগে ফিক্সড ডিপোজিট বা রেকারিং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না।
সহজ কথায় বলতে গেলে, উভয় অপশনেই যোগ্য মহিলারা সরাসরি নগদ টাকা হাতে পাবেন না এবং চাইলে সেই টাকা তুলতেও পারবেন না।