‘ভালোবাসাতেও যে স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়…’, হঠাৎ কেন এ কথা বললেন সৌরভ?
দেখতে দেখতে বছর পার। ‘লক্ষ্মী ঝাঁপি’র সেট সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায় কাছে খানিক অন্য অনুভূতি। এই সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। ইতিমধ্যেই বাগদান সেরেছেন তাঁরা। যখন মাস ছয়েকের মধ্যেই TRP-র ওঠানামার কারণে বহু মেগা বন্ধ হয়েছে, সেই জায়গায় হইহই করে চলছে ‘লক্ষ্মী ঝাঁপি’। বর্ষপূর্তিতে আবেগপ্রবণ সৌরভ।
অভিনেতা লিখেছেন, ‘যখন এই পৃথিবীতে টেস্ট ক্রিকেট থমকে যায় টি-টোয়েন্টির কাছে, কিংবা দীর্ঘ ভিডিয়োর রিচ অনায়াসেই ছাপিয়ে যায় শর্টস বা রিলস। ধৈর্য ধরে রাখার অনলাইন ক্লাস নেন মোটিভেশনাল গুরুরা। আর এই এক বছরে কখন যে ঘরের কোণ থেকে মনের কোণে সুরসুর করে ঢুকে পড়লাম, আপনারা কিংবা আমরা, কেউই ঠিক টের পেলাম না।’
নেশার মতো ভালোবাসাতেও যে স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়, সেটা ‘লক্ষ্মী ঝাঁপি’ নতুন করে শিখিয়েছে তাঁকে। তবে তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন দর্শকের বিপুল ভালোবাসা না থাকলে ‘লক্ষ্মী ঝাঁপি’-র পথচলা হয়তো এত দীর্ঘ, মসৃণ হতো না।
ব্যক্তিগত ভাবে সৌরভ কৃতজ্ঞতা জানিয়েছেন গোটা টিমকে। প্রত্যেক শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক এবং চ্যানেলের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসা তাঁদের জার্নিকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
সৌরভ তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘এই ভালোবাসা, এই বিশ্বাস যেন আগামিদিনেও একই ভাবে আমাদের সঙ্গে থাকে।’