Supernatural Treatment: ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসা, ‘ডাক্তারের’ চেম্বারে হানা দিতেই কী বেরিয়ে এল একবার দেখুন | Allegations of ‘supernatural’ treatment involving ‘Jinn and magic’; ‘doctor’ arrested during raid on his chamber
সাগরদিঘি: ভুয়ো চিকিৎসকের পর্দাফাঁস! ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসা, বাজেয়াপ্ত জাল সার্টিফিকেট। সাগরদিঘি ব্লকের পোপাড়া গ্রামের ঘটনায় জোর শোরগোল। দীর্ঘদিন দিন থেকে অভিযোগ উঠলেও অবশেষে জালে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক! অভিযোগ, চিকিৎসার নামে দীর্ঘদিন ধরেই সাধারণ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন রাজফুল শেখ নামে এক ব্যক্তি।
পুলিশ ধরতেই এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা, এমনকি আশেপাশের এলাকাতেও চলছে চাপানউতোর। অভিযোগ, রাজফুল শেখ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ‘তৌহিদ হোমিও ক্লিনিক’ নামে একটি চিকিৎসা কেন্দ্র চালাচ্ছিল। মানুষকে বোকা বানিয়ে নিয়মিত লিখতো প্রেসক্রিপশন। কেবল অ্যালোপ্যাথি বা হোমিও চিকিৎসায় থেমে না থেকে, রোগীদের বিভ্রান্ত করতে তথাকথিত ‘জিন-জাদুর কোরান চিকিৎসা’-র টোপও দিত। তা দিয়েই আম-আদমির সরলতার সুযোগ নিয়ে নিজের পকেট ভরতো।
সাগরদিঘি থানার পুলিশ অভিযান চালাতেই সব পর্দাফাঁস। দেখা যায় রাজফুল শেখের চিকিৎসা সংক্রান্ত কোনও বৈধ নথিপত্রই নেই। এমনকি মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত নথিপত্রই ছিল সম্পূর্ণ জাল! ঘটনার সত্যতা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী, সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালের BMOH নিজে দাঁড়িয়ে থেকে ক্লিনিকটিতে অভিযান চালান। খবর পেয়ে আশপাশ থেকে অনেক মানুষই ওই চেম্বারের সামনে ভিড় জমান। মুহূর্তের মধ্যেই কৌতূহলী জনতার ভিড় আরও বেড়ে যেতে থাকে। সকলের সামনে দিয়েই ভুয়ো চিকিৎসককে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও তাঁর বাবার দাবি, কোনও ভুলই নাকি তাঁদের নেই। আইনের হাত দিয়ে সব হয় না। মানুষের বিশ্বাস আছে বলেই এতদিন চিকিৎসা চলছিল।