ভুল চিকিৎসায় হাত বাদ মহিলার, কাঠগড়ায় স্বাস্থ্যকেন্দ্র
নাড়াজোল পঞ্চায়েতের হরিরাজপুর গ্রামের বাসিন্দা কিঙ্কর দোলই ও স্ত্রী পুতুল দোলই মাটি ও ছিটেবেড়ার ঘরে একমাত্র ছেলেকে নিয়ে থাকেন। মেয়ের বিয়ে হয়েছে। সাংসার চালাতে সাকুল্যে কিছু জমি আর দিনমজুরিই ভরসা কিঙ্করের। কিঙ্কর জানান, গত ৬ জুলাই রাতে স্ত্রীর পেটে যন্ত্রণা শুরু হয়। রাত ১১টা নাগাদ তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে ওষুধ ও ইনজেকশন লিখে দেন। এক নার্স পুতুলকে তিনটি ইনজেকশন দেন। ডান হাতে দেওয়ার কিছু পরেই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বলে জানান পুতুল। স্বামীর অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরেই স্ত্রীর অবস্থা খারাপ হতে শুরু করে। ডান হাতে ইনজেকশন দেওয়ার জায়গাটি ফুলে গিয়ে কালো হতে শুরু করে। অভিযোগ, চিকিৎসক ও নার্সকে বারবার বলার পরে, কোনও তোয়াক্কা না করে রেফার করে দেওয়া হয়।