পাচারের অভিনব ছক, পিক-আপ ভ্যান উল্টে যেতেই সামনে এল সবটা | Coal Smuggling Busted in Purba Bardhaman: Pickup Van Carrying Coal Hidden Under Tomatoes
দুর্নীতিতে জিরো টলারেন্স। ক্ষমতায় আসার পর থেকেই কড়া নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতো প্রতি মুহূর্তে পদক্ষেপ করছেন তিনি। এই আবহের মধ্যেই এবার অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর উল্টে গেল পিক-আপ ভ্যান। আর তখনই সামনে চলে এল সবটা। লাল-লাল টমেটো দিয়ে ঢাকা কয়লা বেরিয়ে এল পিক-আপ ভ্যান থেকে।
পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোবিন্দপুরের ঘটনা। সেখানেই প্রকাশ্যে এল বেআইনি কয়লা ‘পাচারের’ অভিনব কৌশল। বুধবার সকালে বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার দিকে যাওয়ার সময় গাড়িটির পিছনের চাকা খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উল্টে যায়। তখনই গাড়ির ভিতরে লুকিয়ে রাখা কয়লার বোঝা প্রকাশ্যে চলে আসে।