কমবে মেয়াদ? দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট রিনিউ নিয়ে নতুন প্রস্তাব
এই সময়: আগামী দিনে ভারত স্টেজ-১, ২, ৩ তথা বিএস-১, ২, ৩ স্ট্যান্ডার্ড মেনে তৈরি প্রাইভেট গাড়ির মালিকদের উপরে চাপতে পারে বাড়তি খরচের বোঝা। সম্প্রতি এক প্রস্তাবে এমনটাই ইঙ্গিত দিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যে গাড়িগুলি বিএস-১, ২, ৩ স্ট্যান্ডার্ড মেনে চলে, সেগুলির পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট (পিউসিসি) প্রতি তিন মাস অন্তর রিনিউ করতে হবে। বর্তমানে বিএস-১, ২, ৩ গাড়ির ক্ষেত্রে প্রতি ছ’মাস অন্তর পিইউসি সার্টিফিকেট রিনিউ করতে হয়। ফলে নয়া প্রস্তাব বাস্তবায়িত হলে বিএস-১, ২, ৩ গাড়ির মালিকদের পিইউসি খাতে খরচের অঙ্ক বাড়তে চলেছে।সংবাদসংস্থার রিপোর্টে দাবি, নয়া প্রস্তাবে বিএস-৪ এর পিইউসি রিনিউ-এর সময়সীমা ছ’মাস অন্তর রাখা হয়েছে। উল্লেখ্য, আগের নিয়মে বিএস-৪ গাড়ির ক্ষেত্রে এক বছর অন্তর পিইউসি রিনিউ-এর সময়সীমা থাকলেও ইদানীং তা ছ’মাস অন্তরই করা হচ্ছে। ফলে এ ক্ষেত্রে বিএস-৪ গাড়ির ক্ষেত্রে মালিকদের উপরে অতিরিক্ত চাপ পড়বে না বলে মত বিশেষজ্ঞদের একাংশের।