এক দশক পরে ফের দুর্গাপুরের ভাড়া বাড়িতেই এনআইএ-হানা, ভাড়াটের নথি থানায় জমা করাতে প্রচারে পুলিশ
এই সময়, দুর্গাপুর: আইএস জঙ্গি যোগের অভিযোগে ২০১৬ সালে কাঁকসা ব্লকের গোপালপুর গ্রাম থেকে একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিক আহমেদকে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই ঘটনার এক দশক পরে আবারও দুর্গাপুরে এনআইএ-র হানা। এ বার আন্তর্জাতিক মানবপাচার ও সাইবার দাসত্ব চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের নিউ স্টিল পার্ক থেকে সোমবার গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দু’টি ঘটনা পৃথক হলেও, উভয়ের মধ্যে একটি আশ্চর্য মিল রয়েছে- দু’জনেই ভাড়া বাড়িতে থাকত এবং কোনও ক্ষেত্রেই বাড়ি মালিকরা ভাড়াটেদের যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা দেননি।