Kalyan Banerjee on NCPI: ‘বড় কিছু হতে চলেছে’, এক সপ্তাহ অপেক্ষা করতে বললেন কল্যাণ, কাকলি-সায়নীদের নিয়ে কোন পথে অভিষেকরা? | Something Big Going to Happen, TMC MP Kalyan Banerjee Gives Hint that TMC May Move to Supreme Court over NCPI 20 MPs Post
এনসিপিআই-কে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে তৃণমূল?Image Credit: PTI
নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর এবার কি প্রতিশোধের পালা? বড় ইঙ্গিত তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ‘আগামী এক সপ্তাহের মধ্যে ঘটতে চলেছে বড় কোনও ঘটনা’, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে কী ঘটবে, তা স্পষ্ট করতে চাননি আইনজীবী সাংসদ।
তৃণমূল কংগ্রেসের পরিচয়েই এখনও সংসদে যোগ দিতে হচ্ছে বিক্ষুব্ধ ২০ জন সাংসদকে। এনসিপিআই দল এখনও স্পিকার ওম বিড়লার কাছ থেকে মান্যতা পায়নি। তাই গতকাল তৃণমূল পরিচয়েই এনডিএ বৈঠকে যোগ দিতে হয়েছে ২০ সাংসদকে। এবার এই ২০ জন বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল। এনসিপিআই দল নিয়ে লোকসভার স্পিকার সিদ্ধান্ত জানানোর আগেই, সুপ্রিম কোর্ট যেতে পারে তৃণমূল কংগ্রেস। এমনটাই
ইঙ্গিত দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এখনই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বলে অভিষেকের কাছে আবেদন করেছেন কল্যাণ। মমতা-অভিষেকের তরফে সবুজ সঙ্কেত এলেই এনসিপিআই-এর বৈধতা তথা ২০ জন সাংসদের দলত্যাগ বিরোধী আইন লাগু হওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে পারে।
প্রথম বৈঠকে ডাক না পেলেও, সংসদে এনডিএ-র বড় মুখদের পাশে বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে এনডিএ-র বাকি সাংসদদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। এনডিএ-র দ্বিতীয় বৈঠকেও সামিল হয়েছিল এনসিপিআই।