TMC Rebel MP: ঝুলে NCPI স্বীকৃতি, তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ সাংসদ পরিচয়েই NDA বৈঠকে সুদীপ-কাকলিরা | Kakali Ghosh Dastidar, Sudip Banerjee and Satabdi Roy attend NDA Meeting as TMC MP
নয়া দিল্লি: ভোটের ফলের পরই ‘বিক্ষুব্ধ’ হয়েছিলেন কাকলি-শতাব্দী-সুদীপরা। তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএ-র শরিক হয়েছেন। কিন্তু, তারপরেও একটা প্রশ্ন উঠছে বারবার। কাকলি-সুদীপ-শতাব্দীরা কি এনসিপিআই সাংসদ নাকি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ? কারণ, এখনও এনসিপিআই-কে সংসদীয় দল হিসেবে মান্যতা দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। বিষয়টা এখনও বিচারাধীন রয়েছে। কিন্তু, এরই মধ্যে আজ এনডিএ সাংসদদের বৈঠকে ডাক পেয়েছেন কাকলি-সুদীপরা। সেক্ষেত্রে, রাজনৈতিক মহলের দাবি, আজ তৃণমূল পরিচয়েই এনডিএ বৈঠকে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ সাংসদরা।
ভোটে তৃণমূলের ভরাডুবির পর দল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রথমেই ভাঙন ধরে সংসদীয় দলে। মমতার হাত ছেড়ে ভুপেন্দ্র যাদবের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কাকলি, রচনা, শতাব্দী, দেব-দের। তারপরই ২০ জন বিক্ষুব্ধ সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআইয়ে মিশে যান। বাদল অধিবেশনের প্রায় এক মাসে আগে তাঁরা স্পিকারের কাছে আবেদন করেছিলেন যে, তাঁদের পৃথক দল হিসেবে মান্যতা দেওয়া হোক। কিন্তু, অধিবেশনের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও এনসিপিআই আলাদা সংসদীয় দল হিসেবে মান্যতা পায়নি। এখনও লোকসভার ওয়েবসাইটে তাঁদের পরিচয় তৃণমূল কংগ্রেসের সাংসদ।
এদিকে, এর আগে দেখা গিয়েছিল, স্পিকারের মান্যতা ছাড়াই সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছিলেন কাকলি-সুদীপরা। তা নিয়ে শোরগোল তৈরি হয়। বিরোধীরা প্রতিবাদ করেছিল। একটা দল কোনও রকম স্বীকৃতি ছাড়া, কীভাবে বৈঠকে ডাক পায়, সেই দাবি তুলে প্রতীকী ওয়াকআউটও করেছিলেন বিরোধীরা। এরপরই দেখা যায়, গত সপ্তাহের বৈঠকে এনডিএ সাংসদরা ডাক পাননি। তবে, আজ তাঁদের ডাকা হলেও তৃণমূল সাংসদের পরিচয়েই বৈঠকে যোগ দিতে হয়েছে।