Paper Leak: রেল থেকে AIIMS, কংগ্রেস আমলের পেপার লিকের লিস্ট দিলেন মন্ত্রী | Minister Jitendra Singh gives the list of paper leak in UPA era
নয়া দিল্লি: ‘পেপার লিক’ ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পদত্যাগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই আবহেই আজ, মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার শুরুতেই এদিন পুরনো প্রশ্নপত্র ফাঁসের তালিকা উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কংগ্রেস তথা ইউপিএ আমলে কোন কোন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল, তা এদিন উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ২০০৯ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ২০১১-র অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, ২০১২ সালের এইমস এন্ট্রান্স, ২০১৩-র মহারাষ্ট্র সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল। এছাড়া, ২০১০-এ উত্তর প্রদেশের বিএড প্রবেশিকা পরীক্ষা, ২০১২ তে তামিলনাড়ুর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, ২০০৯ সালে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কথাও উল্লেখ করেন তিনি।
জিতেন্দ্র সিং মনে করিয়ে দিয়েছেন, ২০১৭ সালে এনডিএ সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করেছে ঠিকই, তবে কংগ্রেসই ১৯৯২ সালে এই এনটিএ তৈরির সুপারিশ করেছিল। ২০১০ সালে, ইউপিএ আমলেই একটি কমিটি একই সুপারিশ করেছিল। তবে কেন তা তৈরি করা হয়নি, তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেন মন্ত্রী। কংগ্রেসের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনাদের অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করেছি।”