Calcutta High Court: অতীন ঘোষকে নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ | Calcutta High Court Gives atin ghosh again interim protection
কলকাতা: জমি মামলায় অভিযুক্ত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না। তাঁর রক্ষাকবচের মেয়াদ ফের বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ, মঙ্গলবার অতীন ঘোষকে ১৪ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ অগস্ট।
এ দিন, মামলাকারীর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সরকারের আইনজীবীরা শুনানির জন্য আইনজীবীরা হাজির হন। সময় চাওয়া হয়। তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখিতভাবে রক্ষাকবচ দেন অতীন ঘোষ সহ অন্য অভিযুক্তদের। এর আগে মৌখিক রক্ষাকবচ ছিল তাঁর।
রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা অতীন ঘোষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এমনকী, অতীনের মেয়েকে উত্তর থানার পুলিশ ডেকে পাঠিয়েছিল। এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অতীন। গতকাল মামলা ওঠে কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “মামলাকারীকে যেন কোনওভাবেই গ্রেফতার না করা হয়।” বিচারপতির পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রেই দেখা যায়, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে ফেলছে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। তবে মামলা বিচারাধীন থাকলে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না এবং এই বিষয়ে পুলিশকে পুনরায় নির্দেশ জানিয়ে দেওয়া হবে। আজ ফের শুনানি হল কোর্টে।