গড়পড়তা পারফরম্যান্সের দিনেও উজ্জ্বল ঝন্ডু কুমার
এক সময়ে নিজের নাম নিয়ে অনেক ব্যঙ্গ শুনেছেন ঝন্ডু। সেই নামই দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার হেডলাইনে। প্যারা ওয়েটলিফটিংয়ে ১৯০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। ভারতের নাম উজ্জ্বল করার পরে নিজের নাম নিয়ে অদ্ভুত উদাসীন ঝন্ডু। বলেছেন, ‘নাম মে ক্যয়া রাখা হ্যায়?’ অর্থাৎ, নামে কী যায় আসে?। ঝন্ডু আরও জুড়েছেন, ‘যখন থেকে বুঝতে শিখেছি, নিজের পরিচয় আসলে কী করছি তার উপর নির্ভর করে, তখন থেকেই আমার নামটা আপন করে নিয়েছি। এক সময়ে লোকে আমার নাম শুনে হাসত। আজ যখন আমার নাম ঘোষণা হচ্ছিল, আমি পোডিয়ামে উঠেছিলাম পদক নেওয়ার জন্য, মনে হচ্ছিল এটাই জীবনের সেরা মুহূর্ত।’