উত্তরকাণ্ডের সীতা: ভলগার রামায়ণভিত্তিক নারীমুক্তির উপন্যাস
বই এর নাম – উত্তরকাণ্ডের সীতা
লেখক – ভলগা | ভাষান্তর: শুভ্রা চ্যাটার্জী
প্রকাশনা সংস্থা – সুচেতনা
মূল্য – ২৫০ টাকা
জানকী কথা
অযোধ্যার রাজপুরীতে একা জেগে রয়েছেন সম্রাট রামচন্দ্র। তাঁর মন জুড়ে কেবল সীতা। সীতা, যে রাজ্যকে দুই সুযোগ্য উত্তরসূরি উপহার দিয়ে ত্যাগ করেছে তার সংস্রব, ত্যাগ করেছে সম্রাট রামচন্দ্রকে। সতীত্বের পরীক্ষা দিতে দিতে সে ক্লান্ত। কিন্তু পরাস্ত নয়। উত্তরকাণ্ডের সীতা ফিরে যায় মাতা বসুমতীর কাছে। কন্যা, জায়া, মাতার পরিচয়ের গণ্ডী পেরিয়ে সে মানুষ হিসেবে স্বাতন্ত্রের খোঁজ করে। এই অনুসন্ধানে সে পাশে পায় শূর্পণখা, অহল্যা, রেণুকা ও উর্মিলাকে। বাল্মীকির রামায়ণের এই চার উপেক্ষিতাই ভলগার লেখনীতে সামাজিক নীতিবোধের নিষ্পেষণমূলক মানদণ্ডের সামনে অপরাজিত থাকে। সন্ধান দেয় মুক্তির। সেই অনুপম সাহিত্যই এই বইতে বাংলা অনুবাদে ধরা রইল।