পিওকে-তে ভোটপ্রচারে এসে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি নওয়াজ়ের? - 24 Ghanta Bangla News
Home

পিওকে-তে ভোটপ্রচারে এসে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি নওয়াজ়ের?

Spread the love

এই সময়: ভাই এবং তাঁর সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সামাল দিতে মাঠে নামলেন দাদা। আর নেমে দিলেন মিথ্যে প্রতিশ্রুতি! যা শুনে অনেকের প্রশ্ন, বিক্ষুব্ধ মানুষের সঙ্গে ঠাট্টা করলেন নাকি তিনি?

পাক-অধিকৃত কাশ্মীরে লাগাতার বিক্ষোভ নিয়ে নাজেহাল শেহবাজ় শরিফের সরকার। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) নেতৃত্বে চলা পিওকে-ব্যাপী এই বিক্ষোভের নিশানায় রয়েছেন সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরও। ক্রমবর্ধমান সেই বিক্ষোভ নিয়েই আগামী সোমবার ভোট হতে চলেছে পিওকে-তে। খাদ্য, ওষুধের মতো ন্যূনতম নাগরিক পরিষেবার পাশাপাশি নাগরিক অধিকার এবং স্বাধীনতার দাবিতে ফুঁসতে থাকা এ হেন পিওকে-তে প্রচারে গিয়ে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ়)-এর প্রধান, শেহবাজ়ের দাদা নওয়াজ় শরিফ বলেছেন, ‘আমার দল জিতলে আমি এখানকার প্রধানমন্ত্রী (পাক সংবিধানে পিওকে-র পৃথক প্রধানমন্ত্রীর সংস্থান রয়েছে) হতে চাই। আমি আমার ভাই, প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে অনুরোধ করব যাতে আমাকে আপনাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এতে আমি এখানকার উন্নয়নের কাজ সামনে থেকে তদারক করতে পারব।’

পিওকে-র যেখানে বিক্ষোভের আঁচ সবথেকে বেশি, সেই মুজ়ফ্ফরাবাদে একটি নির্বাচনী প্রচারে স্থানীয় আবেগ ছোঁয়ার চেষ্টা করে নওয়াজ় বলেন, ‘এটা আমার দ্বিতীয় ঘর। আমার পূর্বপুরুষরা তো এখান থেকেই অন্যত্র গিয়েছিলেন। সে কথা আমি ভুলব কী ভাবে?’

কিন্তু নওয়াজ়ের এই বক্তব্যের পরে পিওকে তো বটেই, পাকিস্তানের অন্যত্রও প্রশ্ন উঠে গিয়েছে। বিক্ষোভকারী জেএএসি-র বক্তব্য, নওয়াজ় স্রেফ ভাঁওতাবাজি করেছেন। কারণ পাকিস্তানের সংবিধানে স্পষ্ট বলা রয়েছে, পিওকে-র প্রধানমন্ত্রী হওয়ার প্রথম এবং সবথেকে জরুরি শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তিতে এই অঞ্চলের বাসিন্দা হতেই হবে। কিন্তু নওয়াজ় হলেন পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। ফলে আইনগত ভাবেই তিনি পিওকে-র প্রধানমন্ত্রী হতে পারবেন না। জেএএসির নেতাদের প্রশ্ন, ‘সব জেনেও এ কথা বলে তিনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করে গেলেন?’

নওয়াজ় বলেছেন, ‘আমি যদি হেরেও যাই, আপনাদের সঙ্গ ছাড়ব না। কারণ আপনারা আমার সবথেকে কাছের মানুষ। প্রতি তিন মাস অন্তর আমি এখানে আপনাদের মধ্যে আসব। আপনাদের সঙ্গে কথা বলব। আপনাদের সমস্যা শুনে সরকারের কাছে আপনাদের দাবি পৌঁছে দেবো। নিশ্চিত করব যাতে আপনারা কোনও ভাবেই বঞ্চিত না হন।’ জেএএসি-র বক্তব্য, ভাইয়ের গদি বাঁচাতে ভোটের প্রচারে এসে পিওকে-র মন গলানোর চেষ্টা করেছেন নওয়াজ়। যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার একটিও রক্ষা করবেন না তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *